চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে নভোচারী নিয়ে যাত্রা শুরু করেছে শেনঝৌ-২৪ মহাকাশযান।
স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে (জিএমটি ০০১৮) গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উৎক্ষেপণকেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।
চায়না ম্যানড স্পেস এজেন্সি জানিয়েছে, উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে কক্ষপথে প্রবেশ করে মহাকাশযানটি। এ উৎক্ষেপণকে ‘সম্পূর্ণ সফল’ বলে অভিহিত করেছে সংস্থাটি।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রচারিত দৃশ্যে দেখা যায়, উৎক্ষেপণের কয়েক মিনিট পর তিন নভোচারী একটি নির্দেশিকাপত্র পড়ছেন। তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
কারা রয়েছেন নভোচারী দলে?
শেনঝৌ-২৪-এর মাধ্যমে তৃতীয়বারের মতো মহাকাশে যাচ্ছেন তাং হংবো। সিসিটিভি জানিয়েছে, তিনি প্রথম নভোচারী হিসেবে তিনবার তিয়াংগং মহাকাশ স্টেশনে যাওয়ার কৃতিত্ব অর্জন করবেন।
অন্যদিকে, প্রথমবারের মতো মহাকাশযাত্রা করছেন উ ই এবং পাকিস্তানের পাইলট মুহাম্মদ জিশান আলী। চীনের কোনো মানববাহী মহাকাশ অভিযানে অংশ নেওয়া প্রথম বিদেশি নভোচারী তিনি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আলী উর্দু, মান্দারিন ও ইংরেজি ভাষায় বলেন, ‘আমার কাঁধে পাকিস্তানের নাম বহন করছি, বহন করছি ২৫ কোটি পাকিস্তানির প্রত্যাশা।’
মহাকাশ স্টেশনে নভোচারীদের দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াটিও হবে ব্যতিক্রমী। শেনঝৌ-২৩-এর কমান্ডার ঝু ইয়াংঝু আরও এক বছর মহাকাশ স্টেশনে অবস্থান করবেন। তবে তার দলের বাকি দুই সদস্য লাই কাই-ইং ও ঝাং ঝিয়ুয়ান এবং শেনঝৌ-২৪-এর নভোচারী আলী পৃথিবীতে ফিরে আসবেন। লাই কাই-ইং হংকংয়ের প্রথম নভোচারী।
প্রতিবেদন অনুযায়ী, ঝু ইয়াংঝুর এ অবস্থান হবে মহাকাশে চীনের প্রথম পূর্ণ এক বছর থাকার ঘটনা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কোনো চীনা নভোচারীর মহাকাশে একটানা অবস্থানের ক্ষেত্রে এটিই হবে সবচেয়ে দীর্ঘ সময়।
চাঁদে পরিকল্পিত অভিযান এবং ভবিষ্যতে মঙ্গলগ্রহে সম্ভাব্য যাত্রার আগে মানবদেহ দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারে, তা যাচাইয়ের পরীক্ষার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কী থাকছে নভোচারীদের কর্মসূচিতে?
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মহাকাশ স্টেশনে অবস্থানকালে নভোচারীরা ৯০টির বেশি বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রযুক্তিগত পরীক্ষা চালাবেন।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তাং হংবো বলেন, ভাষা, সংস্কৃতি ও মনস্তাত্ত্বিক পার্থক্যের কারণে দলগতভাবে কাজ করার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবে উভয় পক্ষের প্রচেষ্টায় পরিস্থিতির উন্নতি হচ্ছে।
মান্দারিন ভাষায় আলী সাংবাদিকদের বলেন, ‘এটি আমার প্রতিদিনের প্রশিক্ষণের মতো। প্রতিদিন নতুন উচ্চতায় পৌঁছানোর চেষ্টা।’
চাঁদে মানববাহী অভিযান পরিচালনায় ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রেখেছে চীন। তবে দেশটির চাং’ই-৭ চন্দ্রাভিযান বিলম্বিত হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ২০২৮ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে।
তথ্যসূত্র-ডয়েচ ভেলে
মতামত