যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইরান কোনও হামলা চালালে দেশটিকে নজিরবিহীন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরান ওয়াশিংটনে হামলার পরিকল্পনা করছে- এমন গোয়েন্দা তথ্য প্রকাশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ হুঁশিয়ারি দেন তিনি।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘এ ধরনের কোনও হামলা হলে ইরানকে এমন মূল্য দিতে হবে, যা এর আগে কোনও দেশকে দিতে হয়নি।’
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে ওয়াশিংটনে হামলার পরিকল্পনা করছে ইরান। এ জন্য তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে সক্ষম ‘ডার্টি বোমা’ অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে।
প্রতিবেদনটি সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে। তবে এ ধরনের হামলার পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা ইরানের রয়েছে কি না কিংবা দেশটি সত্যিই এমন পদক্ষেপ নেবে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে এখনও আলোচনা চলছে।
এ বিষয়ে ট্রাম্প বলেন, ইরান এমন কোনও হামলার পরিকল্পনা করছে না বলেই তিনি আশা করেন। তবে বিষয়টিকে তার প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি বলেন, ‘আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। কারণ, তারা (ইরান) পাগলাটে আচরণ করে।’ এ কারণেই ইরানকে কোনওভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
ওয়াশিংটনে সম্ভাব্য হামলার গোয়েন্দা তথ্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
ট্রাম্পের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এল, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা অব্যাহত রয়েছে। সম্ভাব্য হামলার গোয়েন্দা তথ্য এবং তা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা- দুই মিলিয়ে ওয়াশিংটনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: সিএনএন
মতামত