নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানবাহনের নিরাপত্তা রক্ষায় রাজধানী ঢাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে জোরালো চেকপোস্ট স্থাপনের পাশাপাশি বাড়ানো হয় পুলিশি টহল ও নজরদারি।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর শাহবাগ, বাংলামোটর, পল্টন, কাকরাইল, রামপুরা, বাড্ডা, ফার্মগেট, মিরপুর, উত্তরা, শ্যামলীসহ পুরো রাজধানীজুড়েই এই টহল হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, জননিরাপত্তা নিশ্চিতে টহল কার্যক্রম এবং চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।
রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, আমাদের রুটিন ওয়ার্ক হলো- চেকপোস্ট তল্লাশির মাধ্যমে সন্দেহভাজনদের ওপর আমাদের নজরদারি বাড়ানো।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদি বলেন, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত এসব কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে।
তিনি বলেন, নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে ডিএমপির এ তৎপরতা অব্যাহত রয়েছে। বিশেষ করে নগরীর সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মতামত