আগামী আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানের নাম থাকার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা সত্যি হয়নি। এবারের নিলামের জন্য নাম নিবন্ধন করেননি বাংলাদেশের বাঁহাতি এই পেসার। ফলে আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের প্রাথমিক তালিকায় নেই তাঁর নাম। একইভাবে তালিকায় নাম নেই বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানেরও।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ও ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।
তবে এবারের আইপিএল নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তাঁরা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।
এর আগে বছরের শুরুতে আইপিএল ঘিরে আলোচনায় ছিলেন মুস্তাফিজ। নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।
এ ঘটনা নিয়ে পরবর্তী সময়ে দুই দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা তৈরি হয়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ দল।
এবারের আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় রয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি ক্রিকেটার।
নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ রয়েছে ২৫টি জায়গা।
মতামত