সিরাজগঞ্জে অন্তত ১৬০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের দাবি
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা এবং সিরাজগঞ্জের অন্তত ১৬০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের দাবিতে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মেরাজ মোল্লা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি কামরুজ্জামান টিপু এবং কৃষক নেতা মোঃ আরিফুল ইসলাম জুয়েল।
এ সময় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক মোঃ মানিক শেখ এবং দপ্তর সম্পাদক মোঃ আবু হানিফসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন এ দেশের শোষিত, বঞ্চিত, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের অন্যতম প্রধান কণ্ঠস্বর। তাঁর রাজনৈতিক জীবন, সংগ্রাম ও আদর্শ বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এমন একজন জাতীয় নেতার মৃত্যুবার্ষিকী যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় পালনের উদ্যোগ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। তাই তাঁর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৭ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দিয়ে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় তাঁর মৃত্যুবার্ষিকী পালনের দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশের অসংখ্য মানুষ ভূমিহীন ও গৃহহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ করে ভূমিহীন পরিবারগুলোর মাথা গেঁাজার ঠাঁই, নিরাপদ আবাসন ও স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সিরাজগঞ্জের অন্তত ১৬০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য সরকারি খাসজমি বরাদ্দসহ স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ভূমিহীন মানুষের সাংবিধানিক ও মানবিক অধিকার নিশ্চিত করতে কার্যকর সরকারি উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তাঁরা।
মানববন্ধন থেকে বক্তারা মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা, ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা প্রণয়ন, প্রকৃত ভূমিহীনদের সরকারি খাসজমি বন্দোবস্ত এবং সিরাজগঞ্জের অন্তত ১৬০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য দ্রুত পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের জোর দাবি জানান।
ঢাকার প্রোগ্রা বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু বলেন, আন্দোলনের মাধ্যমে তিনি লাখো ভূমিহীন বাঙালি কৃষকের জমির মালিকানা নিশ্চিত করেন। পরবর্তীতে পূর্ব বাংলায় জমিদারি প্রথা বিলোপ, ‘কৃষক সমিতি’ গঠন এবং কলকারখানার শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ে ঐতিহাসিক ‘ঘেরাও আন্দোলন’-এর মাধ্যমে তিনি শোষিত জনতার কণ্ঠস্বর হয়ে ওঠেন।
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৫৭-এর কাগমারী সম্মেলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয়। এ ছাড়া দেশের নদ-নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ১৯৭৬ সালের ঐতিহাসিক ‘ফারাক্কা লংমার্চ’ পরিবেশ ও সার্বভৌমত্ব রক্ষায় এক অনন্য মাইলফলক।
প্রাসাদের বিলাসিতা ছেড়ে আজীবন সন্তোষের সাধারণ কুঁড়েঘরে বসবাসকারী এই নেতার আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা। কৃষক, শ্রমিক ও ভূমিহীন মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর দেখানো পথই হোক নতুন প্রজন্মের পাথেয়।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এছাড়াও প্রতিবছরের ন্যয় ঢাকা,গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর, পাবনা, সাতক্ষীরা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জায়গায় মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন ও তার রুহের মাগফিরাতের জন্য দোয়া'র আয়োজন করা হয়।
কর্মসূচি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে তাঁদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
মতামত