রংপুরের পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চর তাম্বুলপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাতে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
নিহত মাহাবুর হোসেন ওরফে মহুবর ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। তার মৃত্যুর জন্য ছেলে হাসানুর রহমানকে (২২) দায়ী করছে পরিবার ও এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে মাহাবুর হোসেনের সঙ্গে তার ছেলে হাসানুর রহমানের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে হাসানুর রহমান ছুরি দিয়ে তার বাবাকে আঘাত করেন। এতে বাবা মাহাবুর হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের লোকজন জানিয়েছেন, হাসানুর রহমানের সাথে তার শ্বশুড় বাড়ির সম্পর্ক ভালো ছিল না। সকালের দিকে হাসানুরের শ্বাশুড়ি কয়েকজন তাদের বাড়িতে আসে। কিন্তু হাসানুর শ্বাশুড়িকে অসম্মান করেন। যা নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে শ্বাশুড়ির সামনেই ছেলে হাসানুরকে থাপ্পর দেয় তার বাবা। এ বিষয়টি ভালোভাবে নেয়নি ছেলে হাসানুর। ওই সময়ই পাশে থাকা একটি ছুরি তার বাবার বুকে আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় মহুবুরকে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত