ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় একযোগে বিপুল সংখ্যক সামরিক অভিযান চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় অন্তত ৬২০ জন হুতি সদস্যকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি করেছে ইয়েমেন সরকার।
শুক্রবার ইয়েমেন সরকারের সামরিক বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গত ২৪ ঘণ্টায় তারা হুতিদের ঘাটি, সামরিক সরঞ্জাম ও অস্ত্র লক্ষ্য করে মোট ১৩৯২টি অভিযান পরিচালনা করেছেন। এসব হামলায় প্রায় ৬২০ জন হুতি সদস্য ‘নিষ্ক্রিয়’ হয়েছে, যাদের মধ্যে কয়েকজন মাঠপর্যায়ের উচ্চপদস্থ কমান্ডারও রয়েছেন। এছাড়া হামলায় হুতিদের প্রায় ১২০টি যানবাহন, সামরিক সরঞ্জাম ও অস্ত্র সম্পূর্ণরূপে ধ্বংস বা বিকল করে দেওয়া হয়েছে।
মুখপাত্র আল-নুজাইলি আরও উল্লেখ করেন, কৌশলগত তাইজ এলাকায় হুতি বিদ্রোহীরা পুনরায় সংগঠিত হয়ে হারানো ভূখণ্ড পুনর্দখলের চেষ্টা করেছিল, যা সরকারি বাহিনী সফলভাবে ব্যর্থ করে দিয়েছে। একই সঙ্গে অন্যান্য যুদ্ধক্ষেত্রেও হুতিদের ওপর প্রচণ্ড সামরিক চাপ বজায় রাখা হয়েছে বলে জানান তিনি।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বিএম
মতামত