রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মিরপুর থেকে ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়। এদের কাছ ৬ হাজার ২২০ ইয়াবা, ৯ কেজি গাঁজা, ৪ গ্রাম হেরোইনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে ৪২ টি।
আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৭৫ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৬৬ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, লালবাগ বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন, গুলশান বিভাগে ৩৬ জন, রমনা বিভাগে ২৭ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তিনজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি দুটি বোতল বিদেশি মদ, বিস্ফোরিত ককটেলের টুকরা ও পেরেক, ১৪টি মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
মতামত