ঢালিউড পরিচালক শিহাব শাহীন ২০২২ সালে নির্মাণ করেন ওটিটি সিরিজ ‘সিন্ডিকেট’। সেই সিরিজে প্রথম 'অ্যালেন স্বপন’ চরিত্রের আবির্ভাব। পরে দেশের ওটিটি ইতিহাসে অন্যতম সফল চরিত্র হয়ে উঠে এটি।
এরপর পরিচালক নির্মাণ করেন দ্বিতীয় সিক্যুয়েল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সেটিও তুমুল জনপ্রিয়তা পায়। 'অ্যালেন স্বপন' হয়ে দর্শকদের অসামান্য ভালোবাসা পান অভিনেতা নাসির উদ্দিন খান। গত বছর চরকিতে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় সিজন। সেটিরই ধারাবাহিকতায় এবার আসছে সিরিজটির তৃতীয় সিজন।
একটি সূত্র জানায়, এরই মধ্যে শুরু হয়েছে সিরিজটির শুটিং। বরাবরের মতো নাম ভূমিকায় থাকছেন জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান। আগের দুই সিরিজে অ্যালেন স্বপনের সঙ্গে শায়লা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার তিনি থাকছেন না। বরং তার পরিবর্তে এ সিরিজে যুক্ত হচ্ছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
এ প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো নিউজ কনফার্ম করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের নিজস্ব পিআর সিস্টেম রয়েছে। সেখান থেকেই জানানো হবে।’
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে থাকছেন সাদিয়া জাহান প্রভা। প্রশ্ন উঠতে পারে— হঠাৎ রাফিয়াত রশিদ মিথিলার পরিবর্তে কেন সাদিয়া জাহান প্রভা? জানা গেছে, মিথিলা বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানকার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণাবিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছেন তিনি। এর পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন মিথিলা। ফলে সেখানে তার বিপুল ব্যস্ততা। সে কারণে দেশে এসে শুটিং করা তার পক্ষে সম্ভব নয়।
তাই এবার সাদিয়া জাহান প্রভাকে বেছে নিল প্রযোজনা প্রতিষ্ঠান। চলতি মাসের শেষ দিকে তার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সিরিজটির শুটিং শেষ হবে।
উল্লেখ্য, এ সিরিজে নাসির উদ্দিন খান ও প্রভা ছাড়াও আরও অভিনয়ে থাকছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবি প্রমুখ। ঈদুল ফিতরে সিরিজটি চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
মতামত