দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের ভুলকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এখন লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়, আধিপত্যবাদের বিরুদ্ধে। এ পরিস্থিতি মোকাবিলায় জনগণ ও রাজনৈতিক দলগুলোর ঐক্য এবং জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়ন জরুরি।
সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। সরকারের ভুলের কারণেই ধারাবাহিকভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিস্ট শক্তি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। দেশের পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, সরকার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করা জরুরি। প্রধানমন্ত্রী জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে সবাইকে এক জায়গায় আসার কথা বলেছেন। এনসিপি এর সঙ্গে সংস্কারের বিষয়টিও যুক্ত করার প্রস্তাব দিয়েছে।
তিনি আরও বলেন, আধিপত্যবাদের প্রশ্নে একটি জাতীয় পররাষ্ট্রনীতি তৈরি করা প্রয়োজন। এটি কোনো দলীয় লড়াই নয়, দলীয় লড়াইয়ের চেয়ে জনগণের ঐক্য বেশি গুরুত্বপূর্ণ। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিয়েছেন তারা।
বৈঠকে ভারতের সঙ্গে গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে আপস না করার আহ্বান জানিয়েছে এনসিপি। একই সঙ্গে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে বলে জানান নাহিদ।
তিনি বলেন, সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমিটি সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথের দাবি জানিয়েছে এনসিপি। এসব দাবি সরকার বিবেচনার আশ্বাস দিয়েছে।
ভারতের ভূমিকা নিয়ে নাহিদ ইসলাম বলেন, ভারত তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে। আওয়ামী লীগ বনাম বিএনপি-এনসিপি হিসেবে বিষয়টিকে দেখার সুযোগ নেই। এখন লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে এবং বিশ্বজুড়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সীমান্তে বিজেপির সমাবেশে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণের কথা উল্লেখ করে নাহিদ বলেন, বাংলাদেশে চলমান বিভিন্ন ঘটনার সঙ্গে ভারত জড়িত। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। তার দাবি, ভারত নিজেই সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িত।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদের আস্ফালন, বিচার কার্যক্রম ও গঙ্গা চুক্তিসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
এর আগে সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন।
মতামত