মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের দুটি প্রধান কারণ ছিল ইরান যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্ক। বুধবার (৪ নভেম্বর) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ কথা জানিয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভ্যান্স লিখেছেন, ‘প্রধান সমস্যা হলো ২০২৪ সালে যারা ট্রাম্প ও ভ্যান্সকে ভোট দিয়েছিলেন, তাদের অনেকেই ২০২৬ সালে ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।’
ভোটারদের মানসিকতা নিয়ে জনমত পরিচালনাকারীদের তথ্যের বরাতে ভ্যান্স বলেন, ‘যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের প্রশ্ন করা হয়েছিল কী হলে তারা আমাদের দলে ফিরে আসবেন। প্রায় সব উত্তরদাতার মূল চারটি জবাব ছিল- ইরান যুদ্ধ বন্ধ করা, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতিতে মনোযোগ দেওয়া, আমেরিকাকে প্রাধান্য দেওয়া, ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক পরিবর্তন করা।’
ভ্যান্স একজন রক্ষণশীল টিভি ব্যক্তিত্বের পরামর্শের কথা উল্লেখ করেন যিনি প্রশাসনকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান জানিয়েছিলেন। ভ্যান্স লেখেন, ‘দেখা যাচ্ছে তার রাজনৈতিক পরামর্শ সঠিক ছিল।’
আসন্ন সময়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভ্যান্স আরও যোগ করেন, ‘আপনি যদি তর্ক করতে চান যে এটি সার্থক ছিল, আগামী ছয় বছরের জন্য সিনেট হারানো সার্থক ছিল, তবে তা করুন। তর্ক করুন যে এটি একটি অর্থবহ মূল্য ছিল। আপনি একমত হন বা না হন, অন্তত সেটি সততা হবে।’
ভ্যান্স স্পষ্ট করে বলেন, ‘আমাদের হারার কারণ যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেও কাল রাতে তা বলেছেন।’
ভ্যান্সের এই পোস্টটি ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পুনরায় শেয়ার করে লেখেন, ‘এর প্রতিটি শব্দ ১০০% ১০০% ১০০%।’
ভাইস প্রেসিডেন্টের এই পোস্ট-ইলেকশন মূল্যায়নের বিষয়ে বুধবার প্রশ্ন করা হলে ট্রাম্প জানান এতে তার কোনো আপত্তি নেই। হোয়াইট হাউসের বাইরে এক নির্মাণ সাইট পরিদর্শনের সময় ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটি অনেকটাই সত্য কারণ এটি স্বল্পমেয়াদে পেট্রোলের দাম কিছুটা বাড়িয়ে দিয়েছে। তবে একই সঙ্গে, আমাকে যদি আবার এটি করতে হয়, তবে আমাকে আবার এটিই করতে হবে। কারণ দীর্ঘমেয়াদে এটিই একমাত্র উত্তর। আপনি ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারেন না।’
প্রেসিডেন্ট ট্রাম্প আরও যোগ করেন, ‘আমি জানতাম যে যুদ্ধ নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলবে। তবে আমি আলাদা কিছুই করতাম না।’
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদচ্যুত করার সম্ভাবনা খারিজ করে ট্রাম্প বলেন, ‘না, আমি মনে করি তিনি খুব ভালো কাজ করছেন।’
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে তার আগের বক্তব্যের ব্যাপারে ট্রাম্প বলেন, ‘আমি বলেছিলাম পারমাণবিক অস্ত্র ধ্বংস করা হবে। এবং মিডনাইট হ্যামারের মাধ্যমে সেটাই ঘটেছে।’
যুদ্ধের সমাপ্তি নিয়ে ট্রাম্প আরও বলেন, ‘আমি যখন চাইব তখনই যুদ্ধ শেষ হবে। তবে এটি সঠিকভাবে সম্পন্ন করতে হবে।’
সূত্র: টাইমস অফ ইসরায়েল
মতামত