ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দায়িত্ব পালনকালে নিজের পিস্তলের গুলিতে জাহাঙ্গীর আলম (৫২) নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ সারকারখানা পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই ফাঁড়ির ইনচার্জ ছিলেন।
জাহাঙ্গীর আলমের বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর এলাকায়। তার বাবার নাম মৃত আলী আকবর তালুকদার।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার ফজরের নামাজ আদায় করে হাঁটতে বের হন জাহাঙ্গীর আলম। হাঁটা শেষে ফাঁড়িতে ফিরে আসেন তিনি। এর কিছুক্ষণ পর ফাঁড়িতে গুলির শব্দ শোনা যায়। পরে তার কক্ষে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা। এ সময় পাশে তার ব্যবহৃত পিস্তলটিও পড়ে ছিল। তবে কী কারণে তিনি নিজের পিস্তল দিয়ে গুলি করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এএসপি (প্রশাসন) আরাফাতুল ইসলাম জানান, নিজের পিস্তলের গুলিতে এসআই জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আশুগঞ্জ থানা-পুলিশের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মতামত