এক গোল ও এক অ্যাসিস্ট- স্বভাবসুলভ নৈপুণ্যে আবারও ইন্টার মায়ামির ত্রাতা হয়ে উঠলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার জাদুকরী পারফরম্যান্সে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে পিছিয়ে পড়েও রোমাঞ্চকর এক জয় তুলে নিল মায়ামি।
রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ২-১ গোলে জিতেছে ইন্টার মায়ামি। এই ফলে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল দলটি।
মায়ামির হয়ে সমতাসূচক গোলটি করেন জারমান বারতেরামে। আর শেষ দিকে জয়সূচক গোলটি আসে মেসির পা থেকে। অন্য দিকে নিউ ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন দানিয়েল গাজদাগ।
নিয়মিত মৌসুমের শেষ ম্যাচের আগে এই জয় মায়ামির জন্য প্লে-অফের লড়াইয়ে বড় স্বস্তি এনে দিয়েছে। এছাড়া একইসঙ্গে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের টিকিটও নিশ্চিত করেছে মায়ামি। ৩৩ ম্যাচে ১৬ জয় ও ১১ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে নিউ ইংল্যান্ড, থেমেছে তাদের টানা চার ম্যাচের জয়রথ।
প্রথমার্ধে দুই দলের কেউই পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। ২৮তম মিনিটে বারতেরামের একটি প্রচেষ্টা সহজেই ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক ম্যাট টার্নার। এর ৯ মিনিট পর সহজ সুযোগ নষ্ট করেন নিউ ইংল্যান্ডের ব্রুকলিন রেইনস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ আক্রমণে লিড নেয় নিউ ইংল্যান্ড। ৫৩তম মিনিটে পের্টন মিলার ও ইলাই ফেইনগোল্ডের পা ঘুরে বল পেয়ে আট গজ দূর থেকে জোরালো শটে জাল কাঁপান হাঙ্গেরিয়ান মিডফিল্ডার গাজদাগ।
পিছিয়ে পড়ার পর আক্রমণ বাড়ায় মায়ামি। ৬৫তম মিনিটে মেসির শট ঝাঁপিয়ে রক্ষা করেন টার্নার। তবে চার মিনিট পরই আসে সমতা। তেলাস্কো সেগোভিয়ার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণভাবে বারতেরামের দিকে তুলে দেন মেসি। সুযোগ পেয়ে বল জালে জড়াতে ভুল করেননি এই ফরোয়ার্ড।
এরপর ৮৩তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। গোলপোস্টের ৩০ গজ দূর থেকে একা বল নিয়ে নিউ ইংল্যান্ডের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যান মেসি। সেগোভিয়ার শরীর দিয়ে বল আগলে রাখার ফাঁকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান মায়ামি অধিনায়ক। এটি চলতি লিগে মেসির ২৬তম গোল, যা কিনা সর্বোচ্চ।
নাটকীয়তা অবশ্য বাকি ছিল তখনও। ৮৭তম মিনিটে মায়ামির জালে বল জড়ালে আত্মঘাতী গোলের শঙ্কা জাগে। তবে ভিএআরের (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) সাহায্যে নিউ ইংল্যান্ডের লুকা লাঙ্গোনি অফসাইড প্রমাণিত হলে গোলটি বাতিল করেন রেফারি।
শেষ পর্যন্ত মূল্যবান তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি
বিডি প্রতিদিন/এনইউ
মতামত