ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

রুশ পারমাণবিক স্যাটেলাইটের হুমকি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো

মহাকাশে যেকোনও ধরনের হুমকি মোকাবিলায় ন্যাটো প্রস্তুত বলে জানিয়েছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। রাশিয়া পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে- এমন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর তিনি এ হুঁশিয়ারি দেন। জার্মান সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আগামী ৬০ দিনের মধ্যে রাশিয়া এ ধরনের একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে বলে চলতি মাসে ন্যাটোর সদস্যদেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় হয়েছে। তবে এসব প্রতিবেদন কোন দেশের গোয়েন্দা সংস্থা তৈরি করেছে, তা স্পষ্ট নয়। বুধবার বার্লিনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে এক সংবাদ সম্মেলনে রুটে বলেন, ‘ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় আমরা সব সময় প্রস্তুত। এর মধ্যে মহাকাশের নিরাপত্তা নিশ্চিত করাও অন্তর্ভুক্ত।’ তিনি আরও বলেন, সামরিক ক্ষেত্রে প্রতিরোধ ও প্রতিরক্ষাব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করা হবে। জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর এবং সংবাদপত্র জুডডয়েচে সাইটুংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সম্ভাব্য স্যাটেলাইটটির নাম ‘স্পুটনিক-এস’। এতে পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে, যা সামরিক যোগাযোগ ও নজরদারির কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্যাটেলাইটসহ অন্য মহাকাশযান অকার্যকর বা ধ্বংস করতে সক্ষম। জার্মান চ্যান্সেলর মের্ৎস এসব পরিকল্পনার সত্যতা নিশ্চিত বা অস্বীকার না করলেও বলেন, প্রতিবেদনগুলো থেকে বোঝা যায়, রাশিয়া উত্তেজনা কতটা বাড়াতে প্রস্তুত। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তিনি সর্বশেষ প্রতিবেদনগুলো দেখেননি। তবে ‘অজ্ঞাত সূত্রের’ বরাতে প্রকাশিত অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তিনি। বার্লিনে রুশ দূতাবাসও অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ১৯৬৭ সালের মহাকাশ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে রাশিয়ার কক্ষপথে গণবিধ্বংসী অস্ত্র মোতায়েনের সুযোগ নেই। তবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, রাশিয়া পারমাণবিক ওয়ারহেডযুক্ত মহাকাশভিত্তিক স্যাটেলাইটবিধ্বংসী অস্ত্র তৈরি করছে। মস্কো তখন অভিযোগ অস্বীকার করে। এদিকে ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রধান ইয়োসেফ আশবাখার মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের সম্ভাবনাকে ‘চূড়ান্ত দুঃস্বপ্নের পরিস্থিতি’ বলে অভিহিত করেছেন। সূত্র: বিবিসি

রুশ পারমাণবিক স্যাটেলাইটের হুমকি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো