রাজধানীর একসময়ের শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে রোববার রাত আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সুইডেন আসলামকে গ্রেপ্তারের বিষয়টি সোমবার সকালে সমকালকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ। জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, সুইডেন আসলামকে গ্রেপ্তারের জন্য গত কয়েক দিন ধরে চেষ্টা চলছিল। গতকাল রাতে মালয়েশিয়া যাওয়ার পথে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডিবির এই কর্মকর্তা জানান, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করছিলেন। তবে গোয়েন্দা তথ্য অনুযায়ী, তার চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক হয়ে তিনি মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন কি না, তা যাচাই করা হচ্ছে। শেখ আসলাম ঢাকার নবাবগঞ্জের ছাতিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম শেখ জিন্নাত আলী। একসময় রাজধানীর অপরাধজগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন তিনি। সুইডেনে অবস্থানের কারণে তার নামের সঙ্গে ‘সুইডেন’ যুক্ত হয়। চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায়ও তার নাম ছিল। বিভিন্ন সময়ে শেখ আসলামের বিরুদ্ধে ২২টি মামলা হয়। এর মধ্যে নয়টি হত্যা মামলা বলে জানা গেছে। ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর তাকে বিভিন্ন কারাগারে রাখা হয়। দীর্ঘ কারাবাস শেষে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাতে জামিনে মুক্তি পান তিনি। পরদিন কারা কর্তৃপক্ষ তার মুক্তির বিষয়টি নিশ্চিত করে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।