ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

ডি থ্রি ট্রফির নিলামে শান্তকে ১ কোটি ৫৫ লাখে নিল ফরচুন

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফরচুন গ্রুপ। সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত নিলামে শান্তকে দলে পেতে বড় অঙ্কের পয়েন্ট খরচ করে দলটি। নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে তোলা হয় শেখ মাহেদী হাসানের নাম। তাঁর ভিত্তিমূল্য ছিল ৪০ লাখ পয়েন্ট। শেষ পর্যন্ত ১ কোটি ৫০ লাখ পয়েন্টে তাঁকে দলে নেয় ব্লুস্টার। এদিকে ফরচুন গ্রুপ শান্ত ছাড়াও দলে নিয়েছে আরও তিন ক্রিকেটারকে। সৌম্য সরকারকে ৭৫ লাখ এবং রিশাদ হোসেনকে ৬০ লাখ পয়েন্টে কিনেছে দলটি। অন্যদিকে, ৮০ লাখ পয়েন্টে তাইজুল ইসলামকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। এবারের নিলামে মোট ২৮১ ক্রিকেটারের নাম রয়েছে। এর মধ্যে ছয়জন আইকন ক্রিকেটার আগেই দল পেয়েছেন। ফলে বাকি ২৭৫ ক্রিকেটারকে নিয়ে চলছে নিলাম। খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ১৭ জন, ‘বি’ ক্যাটাগরিতে ২৪ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৭০ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন এবং ‘ই’ ক্যাটাগরিতে ১১২ জন ক্রিকেটার। ছয়টি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে একমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লুস্টার। নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন নুরুল হাসান সোহান (ব্লুস্টার), তাওহীদ হৃদয় (ফরচুন), মোসাদ্দেক হোসেন সৈকত (একমি), মোহাম্মদ নাঈম শেখ (সিটিজেনস ব্যাংক), মুশফিকুর রহিম (সেভেন রিংস সিমেন্ট) ও মেহেদী হাসান মিরাজ (ওয়ালটন)।

ডি থ্রি ট্রফির নিলামে শান্তকে ১ কোটি ৫৫ লাখে নিল ফরচুন