রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-২। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল উদ্ধারের দাবি করেছে সংস্থাটি। তবে সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলের রঙের সঙ্গে উদ্ধার হওয়া বাইকের রঙের মিল না থাকায় প্রশ্ন উঠেছে। আসামিরাও চিৎকার করে বলেছেন, সিসি ক্যামেরার মোটরসাইকেল ও তাদের বাইকটি একই রংয়ের না। গ্রেপ্তার দুজন হলেন—মোশাররফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে ‘প্যারা পনি’ এবং তাঁর সহযোগী সেড্রিক। শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর পূর্ব তেজতুরীপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এরপর আজ রোববার বিকেলে মোহাম্মদপুরের বছিলায় র্যাব-২ এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। র্যাবের দাবি, পনি গাজী পেশাদার ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে ছিনতাই, মাদক, চুরি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। ঘটনার সময় তাঁর মোবাইল ফোন ওই এলাকায় সক্রিয় ছিল বলেও জানায় র্যাব। তবে ব্রিফিং শেষে সাংবাদিকদের সামনে আনা হলে পনি গাজী চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের কোনো মিল নেই। তাঁর বাইকের রং সাদাকালো, আর ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলটি নীল রঙের। গত শনিবার ছিনতাইয়ের ঘটনার পর ছড়িয়ে পড়া দুটি সিসিটিভি ফুটেজেও নীল রঙের একটি মোটরসাইকেলে দুই ব্যক্তিকে দেখা যায়। অন্যদিকে র্যাব যে মোটরসাইকেলটি উদ্ধার করে ছিনতাইয়ে ব্যবহৃত বলে দাবি করেছে, সেটি সাদাকালো। ফলে গ্রেপ্তার দুজন ও উদ্ধার হওয়া মোটরসাইকেলটি আদৌ ওই ঘটনায় ব্যবহৃত হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান বলেন, এই দুজনকে মূলত সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আসামিরা অজ্ঞাত। তদন্ত ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার হবে। র্যাব জানায়, উদ্ধার হওয়া মোটরসাইকেলটির মালিক রাকিব নামের এক ওয়ার্কশপ মালিক। পনি গাজী ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় তাঁর কাছ থেকে মোটরসাইকেলটি নিতেন। গত ২৬ আগস্টও বাইকটি নিয়ে যান পনি এবং শনিবার বিকেল পর্যন্ত সেটি তাঁর কাছে ছিল। রাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনায় তাঁর সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে র্যাব। র্যাবের দাবি, সিসিটিভি ফুটেজে থাকা মোটরসাইকেলচালকের শারীরিক গঠনের সঙ্গে পনি গাজীর মিল রয়েছে। স্থানীয় ১৫ জন সোর্সকে ফুটেজ দেখিয়েও তাঁর সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। এ ছাড়া নিহত শিক্ষিকার স্বামী আব্দুল মতিনকে উদ্ধার করা মোটরসাইকেলটি দেখানো হলে তিনি সেটিকে ছিনতাইয়ে ব্যবহৃত বাইকের মতো বলে জানিয়েছেন। তবে র্যাবের এসব দাবির মধ্যেও বাইকের রঙের প্রশ্নটি রয়ে গেছে। এ বিষয়ে নয়মুল হাসান বলেন, তদন্ত এখনো চলছে এবং জিজ্ঞাসাবাদের পর বিষয়টি আরও স্পষ্ট হবে। এদিকে বগুড়ার গাবতলীর বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার নেওয়া হয় রনজিলা পারভীনের মরদেহ। ৩৮ বছর ধরে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করা প্রধান শিক্ষিকাকে শেষবারের মতো দেখতে সেখানে ভিড় করেন শিক্ষার্থী, সহকর্মী ও স্বজনেরা। চোখের চিকিৎসার জন্য স্বামী আব্দুল মতিনের সঙ্গে ঢাকায় এসেছিলেন রনজিলা। শনিবার সকালে গাবতলী থেকে রিকশায় ফার্মগেটের দিকে যাওয়ার সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁর ব্যাগ ধরে টান দেয়। এতে চলন্ত রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ রোববার বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্বামী আব্দুল মতিনের আক্ষেপ, ‘চোখের চিকিৎসা করাতে নিয়ে এসেছিলাম, লাশ হয়ে ফিরতে হলো।’
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।