বাংলাদেশের যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে এবং দেশে ফিরতে পারেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, দেশে ফেরার পর সরকার কী পদক্ষেপ নেবে, তা সরকারের হাতে। আজ শুক্রবার বিকেল সোয়া ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা এ কথা বলেন। আশুগঞ্জের আবদুল কাদির শাহ পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে। রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে, আবার যেকোনো সময় দেশে ঢুকতেও পারে। এটা সংবিধানে স্পষ্ট বলে দেওয়া আছে। বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে।’ এদিকে, সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করে আশুগঞ্জ উপজেলা বিএনপি। বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির নেতা-কর্মীরা। বিএনপির ওই কর্মসূচি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘রাজনীতিতে এটা হয়। এটা কিছু না। রাজনীতিতে ভিন্নমত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই না রাজনীতি! তো এগুলো সবই স্বাভাবিক।’
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।