দুই বছর পর ইন্টার্নশিপ শুরু করতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গিয়ে অবরুদ্ধ হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান। মঙ্গলবার সকালে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাঁদের আটকে রেখে মারধর করেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। এ সময় তাঁদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুভ ও নাহিদকে রামেক হাসপাতালে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা, গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশের বিশেষায়িত ইউনিট ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও র্যাবের সদস্যরা হাসপাতালে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য হাসপাতালে অবস্থান নেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল পরিচালকের কক্ষ থেকে তাঁদের বের করে আনা হয়। এ সময় রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীম ও ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিনসহ নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। শুভ ও নাহিদকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের ফটকে একটি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়। তাদের গাড়িতে তোলার সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। একপর্যায়ে শুরু হয় মারধর। শুভকে মাইক্রোবাসে তোলা সম্ভব হলেও নাহিদ পড়ে যান। তখন তাঁকে কিল-ঘুষি ও লাথি মারেন নেতাকর্মীরা। পরে সিআরটি সদস্যরা নাহিদকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে তুলে নেন। শুভ রামেকের ৫৯তম এবং নাহিদ ৬০তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী। পঞ্চম বর্ষ শেষ করে তারা হাসপাতালে ইন্টার্নশিপও শুরু করেছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ২০২৪ সালের ৬ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করে। সম্প্রতি স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় তাঁরা আবার ইন্টার্নশিপ শুরু করার চেষ্টা করছিলেন। এ জন্যই মঙ্গলবার হাসপাতালে আসেন। সকাল থেকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান করা কয়েকজন শিক্ষার্থী জানান, শুভ ও নাহিদ কয়েক দিন ধরে হাসপাতালের উপপরিচালক হাসানুল হাসিবের কার্যালয়ে আসছিলেন। মঙ্গলবার হাসানুল হাসিব তাদের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলামের সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করেন। এ জন্য তারা পরিচালকের কার্যালয়ের পাশের অপেক্ষাকক্ষে বসেছিলেন। এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাঁদের মারধর শুরু করেন। পরে তাঁদের দুজনকে পরিচালকের কার্যালয়ে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। রামেক ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন বলেন, ‘স্বৈরাচার হাসিনা ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। এই অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন, সেটির তদন্ত প্রয়োজন। যারা তাঁদের হাসপাতালে এনেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’ রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের সময়সীমা পার হওয়ার পর নিয়ম অনুযায়ী আবার আবেদন করতে হয়। অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে তাঁরা ইন্টার্নশিপ করতে পারেন। কিন্তু শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে। আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, তাদের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে নানা অভিযোগ ছিল। হাসপাতাল থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।