ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

বার্লিনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জার্মানির রাজধানী বার্লিনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে বার্লিনে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন। পরে দূতাবাসের অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দূতাবাসের প্রথম সচিব ও চ্যান্সারি প্রধান এস এম মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনান দূতাবাসের কাউন্সিলর মুহাম্মদ মহসিন রেজা এবং কমার্শিয়াল কাউন্সিলর চৌধুরী মুহাম্মদ গোলাম রাব্বী। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন, রাজনৈতিক দর্শন ও দিকনির্দেশনামূলক নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশকে গৃহযুদ্ধের আশঙ্কা ও বিশৃঙ্খল পরিস্থিতি থেকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে সহায়তা করেছিল। এ কারণে ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। অনুষ্ঠানে জার্মান বিএনপির শীর্ষ নেতা কাজী রেজাউল হক সাঈদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থান, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তাঁরা ইতিহাসের সঠিক মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাইকে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলির ওপর একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিডি প্রতিদিন/এম.এস

বার্লিনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত