সুশৃঙ্খল পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সদর, রুহিয়া ও ভূল্লী এলাকার ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে ভোট দিয়ে বড় ব্যবধানে জয়ের প্রত্যাশা জানিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। ভোটের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচন অনুসন্ধান কমিটির সদস্যরা মাঠে রয়েছেন। চার বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষকের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। আসনটিতে মোট ১৮৫টি কেন্দ্রে ৯৮৯টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন এবং হিজড়া ভোটার চারজন। উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে ভোট গণনা করা হবে এবং সেখানেই ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল সংগ্রহ ও পরিবেশনের জন্য জেলা শিল্পকলা একাডেমিতে কেন্দ্র স্থাপন করা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।