রাজধানীতে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনায় ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবির নেতা সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। নাছির উদ্দীন নাছির বলেন, সাদিক কায়েমের অতীত কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ২০১৪-১৫ সালের আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের রাজপথের আন্দোলন পরাস্ত করতে ছাত্রলীগের বিভিন্ন মিছিলে তার উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। ছাত্রলীগের প্রতি সেই পুরনো ভালোবাসার টানেই হয়তো সে এখন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের পাশে নেই। ছাত্রদলের এই শীর্ষ নেতা আরও দাবি করেন, সাদিক কায়েমের দেওয়া বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্যকে পুঁজি করেই ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ নানা বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, গত ফেব্রুয়ারির নির্বাচনে দেশের জনগণ যে রায় দিয়েছে, তার ওপর ভিত্তি করেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁতারা চললেও দেশের মানুষ ও সাধারণ শিক্ষার্থীরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে এবং ছাত্রদল সর্বদাই শিক্ষার্থীদের পাশে আছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।