ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

কুর্দি অঞ্চলের তেলক্ষেত্র দখলে নিতে ইরাকের নির্দেশ

ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলের তেলক্ষেত্রগুলোর ব্যবস্থাপনা কেন্দ্রীয় সরকারের হাতে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। মঙ্গলবার জারি করা এ নির্দেশের ফলে বাগদাদ ও দেশটির উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের মধ্যে তেলসম্পদের নিয়ন্ত্রণ এবং রাজস্ব বণ্টন নিয়ে চলমান বিরোধ আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, দিয়ালা, কিরকুক, সালাহউদ্দিন ও নিনেভেহ প্রদেশের তেলক্ষেত্রগুলো এই নির্দেশের আওতায় থাকবে। এসব তেলক্ষেত্রের ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় তেল মন্ত্রণালয়কে।  একই সঙ্গে কুর্দি আঞ্চলিক সরকারের নিরাপত্তা নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোসহ কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক সীমানার মধ্যে অবস্থিত সব তেলক্ষেত্র ক্যামেরার মাধ্যমে নজরদারি ও নিরাপত্তার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কুর্দিস্তান অঞ্চলের সব সীমান্ত পারাপার কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে সীমান্ত পারাপার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আল-জাইদি। অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য রফতানির ক্ষেত্রে কেবল কেন্দ্রীয় তেল মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।  প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে থাকা অনানুষ্ঠানিক পারাপার পথ এবং চারটি প্রদেশের সঙ্গে কুর্দি অঞ্চলের মৌসুমি সড়কগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বাগদাদ থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সংবাদদাতা মাহমুদ আবদেলওয়াহেদ জানিয়েছেন, নতুন এই পদক্ষেপ তেল নিয়ন্ত্রণ ও জাতীয় বাজেটের সম্পদ বণ্টন নিয়ে কেন্দ্রীয় সরকার এবং কুর্দি আঞ্চলিক সরকারের বিরোধ বাড়াতে পারে। বাগদাদ চায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সোমোর (এসওএমও) মাধ্যমে তেল উত্তোলন ও বিপণন নিয়ন্ত্রণ করতে। তবে কুর্দি কর্তৃপক্ষ এ ব্যবস্থার বিরোধিতা করে আসছে। অনুমতি ছাড়া তেল বিক্রির বিরোধে তুরস্কে পাইপলাইনে সরবরাহ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর ২০২৫ সালের সেপ্টেম্বরে তা পুনরায় চালুর বিষয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়। এদিকে সীমান্ত পারাপার কর্তৃপক্ষের প্রধানকে সরিয়ে দিয়েছেন আল-জাইদি। পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নর্থ অয়েল কোম্পানির মহাপরিচালক ও তার ডেপুটিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে, বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখার এলাকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর বিরুদ্ধে তেল পাচার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ তুলেছেন ইরাকি কর্মকর্তারা। তবে অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি। সূত্র: আল-জাজিরা

কুর্দি অঞ্চলের তেলক্ষেত্র দখলে নিতে ইরাকের নির্দেশ