ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে বাংলাদেশের যাত্রা শেষ হলো হতাশার এক হার দিয়ে। দক্ষিণ আফ্রিকার দেওয়া ২১১ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। শেষ পর্যন্ত ৮৮ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। নির্ধারিত ২০ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ২১০ রানের বিশাল সংগ্রহ গড়ে দলটি। দক্ষিণ আফ্রিকার এই বড় পুঁজির মূল কারিগর ছিলেন জেপি ডুমিনি। ব্যাট হাতে ঝড় তুলে ৪৯ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা। ডুমিনির সঙ্গে অন্য ব্যাটাররাও বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন। ওয়েন পারনেল ১৩ বলে ২২ এবং মর্ন ভন উইক ১৯ বলে ৩০ রান করেন। কলিন ইনগ্রামও দলের সংগ্রহ বাড়াতে অবদান রাখেন। বাংলাদেশের হয়ে রুবেল হোসেন, আবু জায়েদ রাহী ও কামরুল ইসলাম রাব্বি একটি করে উইকেট নেন। তবে দক্ষিণ আফ্রিকার রানের গতি থামাতে পারেননি কেউই। সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে সমীকরণ ছিল বেশ কঠিন। ২১১ রানের লক্ষ্য পেরোতে হতো মাত্র ১১ দশমিক ৫ ওভারে। সেই অসম্ভব সমীকরণ মেলাতে নেমে শুরু থেকেই ছন্দ হারায় বাংলাদেশ। মাত্র চার রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এরপর স্কোর ১০ রান ছোঁয়ার আগেই আরও এক ব্যাটার ফিরে গেলে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যাট হাতে প্রতিরোধ গড়তে পারেননি বাংলাদেশের অধিকাংশ খেলোয়াড়। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২৬ বলে ৩৭ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দেন। শেষদিকে আরাফাত সানি ৩০ বলে ৩১ রান করেন। কিন্তু তাদের এই প্রচেষ্টা বড় পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ১৮ দশমিক ৫ ওভারে ১২২ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ৮৮ রানের এই পরাজয়ে টুর্নামেন্টে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সেরই প্রতিফলন ঘটেছে। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে রিয়াদের দল। বাকি চার ম্যাচে হার নিয়ে ছয় দলের প্রতিযোগিতায় মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।