ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনপদের খবর

বিশেষ অভিযানে প্রায় ৭০০ বস্তা সার জব্দ

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা রাজশাহীর দুর্গাপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে প্রায় ৭০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের আড়ইল গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আড়ইল গ্রামের সাইদুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন সার ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে এসব সার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে বিক্রি করা হতো বলেও স্থানীয়দের অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার ডিলারদের কাছ থেকে সংগ্রহ করে একটি চক্র বাড়িতে মজুদ করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছে। এতে প্রকৃত কৃষকরা প্রয়োজনের সময় সরকার নির্ধারিত মূল্যে সার না পেয়ে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। স্থানীয় কৃষক আব্বাস আলী বলেন, ‘কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কেউ মজুদ করে রাখলে প্রকৃত কৃষকরা বিপাকে পড়েন। প্রশাসনের অভিযানকে আমরা স্বাগত জানাই। জব্দ করা সার দ্রুত প্রকৃত কৃষকদের মধ্যে বিতরণের দাবি জানাচ্ছি।’ আরেক কৃষক বলেন, সারের সঙ্কটের সময় কৃষকদের বেশি দামে সার কিনতে হয়। অথচ একটি বাড়িতে এত বিপুল পরিমাণ সার মজুদের ঘটনা উদ্বেগজনক। এসব সার কোন ডিলারের কাছ থেকে এসেছে এবং এর সাথে কারা জড়িত, তা তদন্ত করে ব্যবস্থা নেয়া প্রয়োজন। দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আড়ইল গ্রামে অভিযান চালিয়ে অবৈধ মজুদকৃত সার জব্দ করা হয়েছে। সারগুলো সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে সাইদুর রহমানের বাড়ি থেকে প্রায় ৭০০ বস্তা সার জব্দ করা হয়েছে। এসব সার কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং অবৈধভাবে মজুদ কিংবা বেশি দামে বিক্রির সাথে কেউ জড়িত কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

বিশেষ অভিযানে প্রায় ৭০০ বস্তা সার জব্দ