সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান। আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। দুদক সচিব বলেন, অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই অভিযোগের বিষয়ে পরবর্তী ধাপে যাওয়া হয়েছে। তবে অনুসন্ধান এখনো শেষ হয়নি। তদন্তে যে তথ্য-উপাত্ত পাওয়া যাবে, তার ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। সচিব আরও বলেন, দুদকের নিজের ইচ্ছেমতো কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। অভিযোগের সত্যতা যাচাই করে আইন ও অনুসন্ধান প্রক্রিয়া অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান খান বলেন, বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। দুদক কীভাবে কাজ করছে, সেটি পর্যবেক্ষণ করলেই বিষয়টি স্পষ্ট হবে। অনুসন্ধানের কার্যক্রম দেখলেই বোঝা যাবে, দুদক কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছে কি না। দুদক সচিব জানান, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধান শেষে প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের বিষয়ে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। অভিযোগে বিদেশে অর্থ পাচারের বিষয় থাকলে সংশ্লিষ্ট দেশগুলোতে তথ্য চেয়ে চিঠি পাঠানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় প্রয়োজন হলে বিদেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলআর) পাঠানো হবে। দুদক সচিব বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে যেসব দেশে অর্থ পাচারের অভিযোগের কথা বলা হয়েছে, অনুসন্ধানে প্রয়োজন দেখা দিলে সেসব দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হতে পারে। তবে অভিযোগের সত্যতা যাচাই করে এর সারবত্তা পাওয়া গেলেই পরবর্তী ধাপে অগ্রসর হবে দুদক। সচিব সাইদুর রহমান খান বলেন, অভিযোগের বিষয়ে অনুসন্ধান ও তদন্ত থেকে যে ফল পাওয়া যাবে, সেটিই পরবর্তী সিদ্ধান্তের ভিত্তি হবে। কমিশন সেই তথ্য-উপাত্ত পর্যালোচনা করেই আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।