ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনপদের খবর

দাঁড়িয়ে প্রস্রাব করতে নবীজি কেন নিষেধ করেছেন

রাসুল (সা.) পবিত্রতাকে ইমানের অর্ধেক হিসেবে ঘোষণা করেছেন। দৈনন্দিন জীবনের অতি সাধারণ একটি কাজ হলো প্রস্রাব-পায়খানা করা। কিন্তু এই সাধারণ কাজটিতেও ইসলাম শিষ্টাচার শিখিয়েছে, যা মানুষের আত্মিক পবিত্রতা এবং শারীরিক সুস্থতা—উভয়ই নিশ্চিত করে। আধুনিক সংস্কৃতি ও শহুরে কর্মব্যস্ততায় দাঁড়িয়ে প্রস্রাব করার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। তবে মহানবী (সা.) বসে প্রস্রাব করার নির্দেশ দিয়েছেন এবং দাঁড়িয়ে করতে নিষেধ করেছেন। দাঁড়িয়ে প্রস্রাব করার নিষেধাজ্ঞার কারণগুলো আলোচনা করা হলো। নবীজি স্বাভাবিক অবস্থায় সর্বদা বসে প্রস্রাব করতেন। আয়েশা (রা.) দৃঢ়তার সঙ্গে বলেছেন, ‘যে ব্যক্তি তোমাদের কাছে বর্ণনা করে যে আল্লাহর রাসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তোমরা তার কথা বিশ্বাস কোরো না। তিনি শুধু বসেই প্রস্রাব করতেন।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১২) অন্য একটি হাদিসে এসেছে ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, ‘নবীজি আমাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখে বললেন, ওমর, দাঁড়িয়ে প্রস্রাব কোরো না। এরপর থেকে আমি আর কখনো দাঁড়িয়ে প্রস্রাব করিনি।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১২) দাঁড়িয়ে প্রস্রাব নিষেধ করার প্রধান কারণ হলো—এতে শরীর ও কাপড়ে প্রস্রাবের সূক্ষ্ম ছিটা লাগার প্রবল আশঙ্কা থাকে। প্রস্রাব হলো ভারী নাপাকি (নাজাসাতে গালিজা)। কাপড়ে বা শরীরে একটি রৌপ্যমুদ্রার (দিরহাম) বেশি পরিমাণ প্রস্রাব লেগে থাকলে নামাজ শুদ্ধ হয় না। তা ছাড়া প্রস্রাবের ছিটা থেকে বেঁচে না থাকা কবরের আজাবের অন্যতম প্রধান কারণ। রাসুল (সা.) দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, ‘এদের দুজনকে সাজা দেওয়া হচ্ছে, তবে কোনো বড় (কঠিন) কাজের জন্য নয়। এদের একজন প্রস্রাব থেকে সতর্ক থাকত না (ছিটা থেকে বাঁচত না), আর অন্যজন চোগলখোরি করে বেড়াত।’ (সহিহ বুখারি, হাদিস: ২১৬) বসে প্রস্রাব করলে প্রস্রাবের ছিটা শরীর বা পোশাকে লাগার ঝুঁকি থাকে না। ইসলামে আব্রু ঢেকে রাখা গুরুত্বপূর্ণ। মানুষ যখন দাঁড়িয়ে প্রস্রাব করে, তখন তার লজ্জাস্থান অনেকটা উন্মুক্ত হয়ে পড়ে এবং আশপাশের মানুষের দৃষ্টি পড়ার আশঙ্কা থাকে। বসে প্রস্রাব করলে শরীর স্বাভাবিকভাবেই সংকুচিত থাকে এবং সতর বা গোপনাঙ্গের পর্দা যথাযথভাবে রক্ষা পায়। আধুনিক মূত্রতন্ত্র (ইউরোলজি) বিশেষজ্ঞদের মতে, মানুষ যখন বসে প্রস্রাব করে, তখন তলপেট ও শ্রোণিদেশের (পেলভিক ফ্লোর) পেশিগুলো শিথিল থাকে। ফলে মূত্রথলি বা ব্লাডারে চাপ পড়ে এবং ভেতরের সমস্ত প্রস্রাব সম্পূর্ণরূপে বের হয়ে আসে কিন্তু দাঁড়িয়ে প্রস্রাব করলে পেলভিক পেশিগুলো টানটান অবস্থায় থাকে, ফলে মূত্রথলিতে কিছু প্রস্রাব অবশিষ্ট থেকে যায়। মূত্রথলিতে দীর্ঘদিন ধরে অবশিষ্ট প্রস্রাব জমে থাকলে সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ, মূত্রথলিতে পাথর জমা এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেট গ্রন্থি ফুলে যাওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। ইসলাম মানুষের যৌক্তিক অপারগতাকে বিবেচনায় রাখে। অকারণে দাঁড়িয়ে প্রস্রাব করা মাকরুহে তানজিহি (সাধারণ অপছন্দনীয়)। তবে যদি কোনো অপরাগতা থাকে—যেমন, বসার মতো পরিচ্ছন্ন জায়গা না থাকা, কোমরে বা হাঁটুতে ব্যথার কারণে বসতে অক্ষম হওয়া, কিংবা বসার জায়গায় কাদা বা নাপাকি থাকার কারণে কাপড় নষ্ট হওয়ার ভয় থাকা—তবে সতর্কতা অবলম্বন করে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ। (ইবনে আবিদিন, রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার, ১/৩৪৪, দারুল ফিকর, বৈরুত, ১৯৯২) একটি সহিহ হাদিসে উল্লেখ আছে যে রাসুল (সা.) একবার কোনো এক গোত্রের আবর্জনার স্তূপের কাছে এসে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। (সহিহ বুখারি, হাদিস: ২২৪) হাদিসবেত্তাগণ এর ব্যাখ্যায় বলেছেন, জায়গাটি নোংরা বা বসার অনুপযোগী হওয়ার কারণে এবং ময়লার ছিটা থেকে বাঁচতেই নবীজি সেদিন বিশেষ ওজরে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। পরিশেষে বলা যায়, বসে প্রস্রাব করা শুধু একটি সাধারণ অভ্যাস নয়, এটি নবীজির একটি গুরুত্বপূর্ণ সুন্নত, কবরের আজাব থেকে বাঁচার উপায় এবং শারীরিক সুস্থতার এক অনন্য রক্ষাকবচ। তাই বিশেষ কোনো অপারগতা ছাড়া সর্বদা বসে প্রস্রাব করার সুন্নতটিই অনুসরণ করা উচিত।

দাঁড়িয়ে প্রস্রাব করতে নবীজি কেন নিষেধ করেছেন