নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে ১৮ জন নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ জনকে হত্যা করা হয়। পাকিস্তান টেলিভিশনের প্রতিবেদনে তাদের ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের বোঝাতে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে থাকে। বিষয়টি ডনের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বেলুচিস্তানের মাস্তুং জেলায় পৃথক অভিযানে আরও পাঁচ জন নিহত হয়েছেন। পাকিস্তানের রাষ্ট্রীয় রেডিও জানিয়েছে, সেখানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর বিরুদ্ধে অভিযান চালানো হয় এবং নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তান ও আশপাশের এলাকায় সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়। মাস্তুংয়ে অভিযান শেষে অবশিষ্ট সন্ত্রাসীদের সন্ধানে তল্লাশি ও ক্লিয়ারেন্স অভিযানও চালানো হচ্ছে। পাকিস্তানে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলার প্রবণতা বেড়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিকস) তথ্য অনুযায়ী, আগস্টে খাইবার পাখতুনখাওয়ায় ৫৪টি হামলা হয়েছে, যেখানে জুলাইয়ে হামলার সংখ্যা ছিল ৩৬টি। অর্থাৎ এক মাসে হামলা বেড়েছে ৫০ শতাংশ। একই সময়ে বেলুচিস্তানে হামলার সংখ্যা ৭ শতাংশ বেড়ে ৮৯টিতে পৌঁছায়। পিকসের হিসাবে, ওই মাসে বেলুচিস্তান ছিল পাকিস্তানের সবচেয়ে বেশি সন্ত্রাসকবলিত প্রদেশ। সূত্র: ডন বিডি প্রতিদিন/এএম
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।