হুথিদের অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। একই সঙ্গে সৌদি আরবে হুথি গোষ্ঠীর হামলাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে অবিলম্বে সব ধরনের সামরিক তৎপরতা ও বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা এ আহ্বান জানান। তারা বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী ইরানকে হুথিদের অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়া বন্ধ করতে হবে।
বিবৃতিতে জি-৭ হুথিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের আহ্বান জানায়। একই সঙ্গে ইয়েমেন সংঘাতের সঙ্গে জড়িত সব পক্ষকে সৎ উদ্দেশ্যে আবারও রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার তাগিদ দেওয়া হয়।
এদিকে ইয়েমেনে সংঘাতের কারণে নতুন করে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হাজার হাজার মানুষ সমুদ্রপথে জিবুতিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
এতে দেশটির মানবিক পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে।
হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে আত্মরক্ষামূলক সামরিক সহায়তার আশ্বাস দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। যুক্তরাজ্য সৌদি যুদ্ধবিমানকে আকাশে জ্বালানি সরবরাহসহ সীমিত প্রতিরক্ষামূলক সহায়তার কথা জানিয়েছে। অন্যদিকে ফ্রান্সও সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও জ্বালানি অবকাঠামোর নিরাপত্তায় প্রতিরক্ষামূলক সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ার মধ্যে জি-৭-এর এই বিবৃতি এলো। একই সময়ে ইরানি প্রতিনিধি দলের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ এবং মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব আন্তর্জাতিক বাজারেও পড়ছে।
তথ্যসূত্র: গালফ নিউজ, রয়টার্স ও আলজাজিরা
মতামত