সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণতন্ত্র কার্যকর করতে হলে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা, উৎসব পালনের স্বাধীনতা ও নিজ নিজ আচারের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
আজ শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এনসিপির এই নেতা।
নাহিদ ইসলাম বলেন, ‘সম্প্রীতি নিশ্চিত করা ব্যতীত আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব না। সেই গণতন্ত্র কার্যকরও হবে না। কারণ, গণতন্ত্র সকল সম্প্রদায়ের জন্য। সবার স্বাধীনতা, উৎসবের স্বাধীনতা ও আচারের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’
দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অতীতে বিভিন্ন সময়ে নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, যারা সংখ্যায় কম কিংবা ধর্ম ও জাতিগতভাবে কম, তাদের ওপর নানা ধরনের নির্যাতন হয়েছে। এসব ঘটনায় রাষ্ট্র বা সরকার অনেক সময় নীরব থেকেছে বলে অভিযোগ করেন নাহিদ। তিনি বলেন, ‘আমরা অতীতে বিভিন্ন সময়ে দেখেছি, এ দেশে যারা সংখ্যায় কম, ধর্মের দিক থেকে কিংবা জাতির দিক থেকে কম, তাদের ওপর নানা ধরনের নির্যাতন-নিপীড়ন হয়েছে। সেখানে রাষ্ট্র বা সরকার চুপ ছিল।’
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর থেকেই দেশে বিচারব্যবস্থা শক্তিশালী করা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করার কথা বলা হচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাও জরুরি।
নাহিদ ইসলাম বলেন, ‘অভ্যুত্থানের পরে বারবার বলে এসেছি, দেশে বিচারব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আমরা এখনো সেই আন্দোলন চালিয়ে যাচ্ছি।’
এ সময় নাহিদ ইসলাম ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সবাইকে দেশের গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
মতামত