যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আবারও শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৩৬তম অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ এশিয়ায় রয়েছে ১৬তম স্থানে।
গত ৩ নভেম্বর প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় প্রথম অবস্থানে রয়েছে হংকং বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গত বছরও শীর্ষস্থান অর্জন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টিকে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অবস্থান আমাদের জন্য আনন্দ ও গর্বের। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রাখা আমাদের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। তবে শুধু র্যাঙ্কিংয়ে অবস্থান ধরে রাখাই আমাদের লক্ষ্য নয়; বরং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করতে আমরা কাজ করে যাচ্ছি।’
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ সমৃদ্ধ করা, গবেষণায় সুযোগ-সুবিধা বাড়ানো, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বৈশ্বিক মানের দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা তাঁদের অন্যতম অগ্রাধিকার। এসব লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষক, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।
মতামত