হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।
সোমবার (৫ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানান।
এনবিআর জানায়, এয়ারপোর্টের (সি-শিফট) কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কর্মকর্তারা। এ সময় শারজাহ থেকে ঢাকাগামী জি৯ ৫৭১ ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।
তল্লাশিতে মোহাম্মদ শাহিনের ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। একইভাবে কে এম ফজল হকের ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং বেলায়েত ভুইয়া হোসেইনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ আটক করা হয়।
সব মিলিয়ে তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।