বিনোদন অঙ্গনের সবচেয়ে চর্চিত ও জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’ নিয়ে এলো বড় দুঃসংবাদ। দীর্ঘ ২২ বছরের ঝলমলে ও সফল যাত্রার ইতি টানতে যাচ্ছেন বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহর। বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করে তিনি নিজেই নিশ্চিত করেছেন যে, শোটির আসন্ন নবম সিজনই হতে যাচ্ছে শেষ সিজন।
বিদায়বেলায় করণের কণ্ঠে ঝরে পড়ে গভীর আবেগ। তিনি বলেন, ‘কিছু সফর নির্দিষ্ট পরিকল্পনা করে শেষ করতে হয় না। তবে একটা সময় আসে, যখন অন্তরের গভীর থেকে অনুধাবন করা যায় বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়। ‘আলবিদা’ বলাটা অত্যন্ত আবেগের, তবে আমার মনে হচ্ছে এখনই সঠিক সময়।’
তার কথায়, ‘এই শেষ মৌসুমে আমার একমাত্র উদ্দেশ্য হলো অন্তরের সবটুক কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে শেষবারের মতো তাদের সঙ্গেই কফির কাপটা তুলে ধরা, যারা ‘কফি উইথ করণ’-কে আজকের এই অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।’
বিদায়ের এই মুহূর্তে অতীতের স্মৃতিতে ডুব দিয়েছেন করণ জোহর। ২০০৪ সালের কথা স্মরণ করে তিনি জানান, সেই সময় তার বাবা যশ জোহরের কাছে প্রথম এই টক শো আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরিকল্পনা ছিল দু'জন তারকাকে মুখোমুখি বসিয়ে খোলামেলা গল্পগাছা করার। তবে ছেলের এমন ভাবনা শুনে বাবা হেসে প্রশ্ন তুলেছিলেন, বন্ধুদের ডেকে শুধু গল্প করলেই তার জন্য কে টাকা দেবে!
দর্শকদের জন্য শেষবারের মতো তারকাদের নিয়ে কফির আড্ডায় জমজমাট অধ্যায় সাজাচ্ছেন করণ। আগামী ১৪ অক্টোবর থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘জিও হটস্টার’-এ স্ট্রিমিং শুরু হবে ‘কফি উইথ করণ সিজন ৯’। ২০০৪ সালে পথচলা শুরু করা এই শোটি আটটি সিজনে সফলভাবে ১৬১টি পর্ব পার করেছে।