ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের (আইপিআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জায়েদ রা’য়াদ আল হুসেইনের সঙ্গে মধ্যাহ্নভোজ ও বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর নেওয়ার কর্মসূচির অংশ হিসেবে এ মধ্যাহ্নভোজ ও বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, বহুপাক্ষিক সহযোগিতা এবং সমসাময়িক বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শান্তি, সংলাপ ও সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি জাতিসংঘকেন্দ্রিক বহুপাক্ষিক ব্যবস্থাকে বিশ্বের সব দেশের জন্য আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়েও আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।