গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় দুই সন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর দুই ছেলেকে নিয়ে চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী।
ভুক্তভোগী নারী জানান, প্রায় এক বছর আগে তার স্বামী দুই সন্তানসহ তাকে ফেলে চলে যায়। পরে দুই সন্তানসহ তিনি শ্রীপুর এলাকায় বাসা ভাড়া নেন এবং ভিক্ষাবৃত্তি করে কোনো রকম সংসার চালাতেন।
বাসা ভাড়ার টাকা দিতে না পারায় গত মঙ্গলবার বাড়ির মালিক তাকে বের করে দেন। এরপর তিনি মাওনা চৌরাস্তায় এসে উড়াল সড়কের নিচে সন্তানদের নিয়ে বসেছিলেন।
এসময় সোহরাব নামের এক পান ব্যবসায়ী তার সমস্যার কথা জানতে চান। পরে থাকার আশ্রয় ও টাকা দিয়ে সাহায্য করার আশ্বাস দেন।
একপর্যায়ে ওই নারীকে মাওনা চৌরাস্তা এলাকায় একটি নির্জন জায়গায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সোহরাব। পরে তিনি আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার পর পান ব্যবসায়ী সোহরাবকে খুঁজে পাওয়া যায়নি। সোহরাব কয়েক বছর ধরে ওই এলাকায় পানের ব্যবসা করে আসছে। এ ঘটনায় ওই নারী শ্রীপুর থানা একটি মামলা দায়ের করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে অভিযুক্তকে পাওয়া যায়নি। এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।