হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপদ পথ নিয়ে আলোচনার জন্য ইরানের প্রস্তাবিত বৈঠকে অংশ নেবে না বাহরাইন। ওমানের রাজধানী মাস্কাটে সোমবার ইরান ও অন্যান্য আঞ্চলিক দেশের প্রতিনিধিদের নিয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্ববাজারে তেল ও গ্যাস রপ্তানি ব্যাহত হচ্ছে। এর মধ্যেই প্রণালিটির ভবিষ্যৎ নিয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে পরামর্শের জন্য সোমবার মাস্কাটে বৈঠকের পরিকল্পনা করেছে ইরান। তেহরানের দাবি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এ বৈঠকের প্রস্তাব তাদের ‘সদিচ্ছার’ বহিঃপ্রকাশ।
শনিবার এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘যা কিছু প্রচার করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বাহরাইন এতে অংশ নেবে না।’
উপসাগরীয় অঞ্চলজুড়ে বিভিন্ন অবকাঠামোয় হামলার প্রসঙ্গ তুলে বাহরাইন বলেছে, এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ‘তোষণনীতির মাধ্যমে বজায় রাখা সম্ভব নয়’। একই সঙ্গে কোনো ধরনের বৈষম্য, ফি বা অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে দেশটি।
তেহরান হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ আনুষ্ঠানিক করার চেষ্টা করছে বলেও অভিযোগ রয়েছে। এর অংশ হিসেবে প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের বিষয়টিও আলোচনায় রয়েছে। এ বিষয়ে ওমানের সঙ্গে ইরান আলোচনা করছে। কারণ হরমুজ প্রণালির একটি অংশ ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যেও পড়েছে।
ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যার আগে পর্যন্ত সব দেশের জাহাজ হরমুজ প্রণালি দিয়ে অবাধে চলাচল করতে পারত।
বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আলোচনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হওয়ার আগে দেশটিকে অন্তর্ভুক্ত করে কোনো যৌথ বৈঠকে অংশ নেবে না বাহরাইন।
আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ২০১৬ সালে সৌদি আরবের পাশাপাশি বাহরাইনও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। রিয়াদ ২০২৩ সালে তেহরানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলেও বাহরাইন এখনো তা করেনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার আল-জাজিরাকে বলেন, বৈঠকের প্রস্তাবটি ‘ইরানের সদিচ্ছারই বহিঃপ্রকাশ’। তাঁর মতে, কোনো বিদেশি বা বাইরের শক্তির হস্তক্ষেপ ছাড়াই এই অঞ্চলের দেশগুলোর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা উচিত।
বাঘাই বলেন, ‘এটি একটি ইঙ্গিত যে আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করব—যদিও ইরানকে আক্রমণ করার জন্য তাদের ভূখণ্ড, তাদের সামরিক ঘাঁটি কিংবা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ব্যবহার করা হয়েছিল।’
তিনি আরও জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে ইরান ও ওমানের আলোচনার ফলাফল সম্পর্কে তেহরান বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিদলগুলোকে অবহিত করবে।
রয়টার্স ইরানের এক নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানিয়েছে, ওমানে অনুষ্ঠেয় বৈঠকটি বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগ তৈরি করলেও হরমুজ প্রণালি নিয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরান ও ওমানের মধ্যকার সমঝোতায় হ