এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা যে ক্রিকেট, তা ভালোভাবেই বুঝতে পারছেন এইচপির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ২০১০ সালে এই ক্রিকেটের হাত ধরেই এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র সোনা এসেছিল।
এরপর কেটে গেছে দেড় দশকের বেশি সময়। কিন্তু আর সোনা পাওয়া হয়নি বাংলাদেশের। তবে এবার জাপানে ফের সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চায় বাংলাদেশ। আর সেই স্বপ্নের ভারটা যে ক্রিকেটের কাঁধেই বেশি, সেটি ভালোভাবেই বুঝতে পারছেন সালাউদ্দিন।
সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এশিয়ান গেমস নিয়ে নিজেদের লক্ষ্যের কথা জানান কোচ সালাউদ্দিন। তার বিশ্বাস, দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে নিজেদের সর্বোচ্চটা দেবে ক্রিকেটাররা।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানে বসবে আইচি-নাগোয়া এশিয়ান গেমসের ২০তম আসর। সবশেষ চার আসরের তিনটিতেই ক্রিকেট ছিল। প্রতিবারই কোনো না কোনো পদক জিতেছে বাংলাদেশ। এবারও পদক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সালাউদ্দিন।
তিনি বলেন, ‘এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভূক্ত করায় সবসময়ই একটা আগ্রহ থাকে। আমি মনে করি, এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট ভালো করবে। আমরা সাধারণত (এশিয়ান গেমসে) খুব বেশি পদক পাইও না।’
তিনি আরো বলেন, ‘যেহেতু ক্রিকেট (আছে), পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে আছে, যেন আমরা ভালো করি। আশা করি ভালো করব। যেহেতু খেলতে যাচ্ছি, এখানে আসলে চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আমার কাছে মুখ্য বিষয় আমরা একটা জায়গায় খেলতে যাচ্ছি, দেশের প্রতিনিধিত্ব করছি। এখানে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে।’
এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার-ফাইনালে জায়গা পাওয়ায় ২৮ সেপ্টেম্বর থেকে আসর শুরু করবে বাংলাদেশ। কোয়ার্টার-ফাইনালে টাইগারদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। এই গ্রুপে আছে মালয়েশিয়া, নেপাল ও ওমান।
তবে সেমিফাইনাল বা ফাইনালের হিসাব না কষে ধাপে ধাপে এগোতে চান সালাউদ্দিন। তার মতে, ভালো ক্রিকেট খেলতে পারলে বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার যথেষ্ট সুযোগ রয়েছে।
তিনি বলেন, ‘আমরা মনে হয় একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট হবে। আমাদের যে গ্রুপটা হয়েছে, আমি মনে করি ফাইনালে যাওয়ার মতো খুব সহজ সুযোগ আছে, যদি আমরা ভালো খেলি।’
টি-টোয়েন্টি সংস্করণে দ্রুত মানিয়ে নেয়াকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। বিশেষ করে কয়েকটি সিরিজ আগে যে ছন্দে ছিল বাংলাদেশ, সেটি দ্রুত ফিরে পাওয়ার ওপর জোর দিচ্ছেন এইচপি প্রধান কোচ।
সালাউদ্দিন বলেন, ‘টি-টোয়েন্টিতে যে ছন্দে ছিলাম শেষ তিন থেকে চার সিরিজ আগে, সেই ছন্দ আমরা কতো তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারি, সেটাই একটা বড় চ্যালেঞ্জ।’
এশিয়ান গেমসে ভারত তাদের সেরা দল পাঠাবে। নেপাল ও ওমানও পূর্ণ শক্তির দল নিয়ে আসছে। অন্য দেশগুলোর এমন প্রস্তুতি দেখেই বাংলাদেশও জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সালাউদ্দিন।
এইচপি প্রধান কোচ বলেন, ‘প্রথমে আমাদের এইচপি দলের যাওয়ার কথা ছিল। কিন্তু যখন আমরা দেখি যে অন্য দেশগুলোও তাদের পুরো জাতীয় দল পাঠাচ্ছে, তো সেখানে আমরা কেন পাঠাব না?’
ছেলেদের পাশাপাশি বাংলাদেশের মেয়েদের দলও পূর্ণ শক্তি নিয়ে এশিয়ান গেমসে অংশ নেবে। নারীদের ক্রিকেটের লড়াই হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর।
নারী দল নিয়েও আশাবাদী জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমরা আশা করব, ছেলে ও মেয়েরা ভালো করবে এবং আমরা ভালো ফলাফল নিয়ে আসব।’