গাইবান্ধার গোবিন্দগঞ্জে মিফতাহুল উলুম নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্ত রাজু মিয়ার দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার তালুককানুপুর ইউনিয়নের জামালপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মেহেদুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে এবং আল-আমিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নির্যাতনের শিকার শিশুর বাবা মধু মিয়া ও খালু কায়সার হাবিব। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাদেকুল ইসলাম, তালুককানুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও দৌলতপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি আজাদুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল, মিফতাহুল উলুম নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ সাইফুল ইসলাম, সুন্দইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, জামালপুর হাট প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রউফ মণ্ডল, হাড়িয়া মণ্ডল জামে মসজিদের খতিব মুফতি হাবিবুর রহমান এবং মোরসালিন সরকার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৪ আগস্ট বিকেলে দেবোত্তর রামনাথপুর গ্রামে রাজু মিয়া ওই শিশুকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় আট বছর বয়সী শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রাজু।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার ২৪ দিন পেরিয়ে গেলেও পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। দ্রুত সময়ের মধ্যে ধর্ষক রাজুকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে স্থানীয়রা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজু মিয়াকে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।