২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। এর আগের উপসাগরীয়কেন্দ্রিক ব্যবস্থায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অর্থনৈতিক কূটনীতি ও পুরোনো শত্রু, যেমন ইরান, ইসরায়েল, তুরস্ক ও সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে অঞ্চলটিকে স্থিতিশীল ও সুগঠিত করার চেষ্টা করছিল। কিন্তু গাজার যুদ্ধ ও ইরান যুদ্ধ সেই প্রকল্পকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে।
মধ্যপ্রাচ্যের অন্যান্য বড় শক্তির মতো তুরস্কও এই শূন্যস্থান পূরণের চেষ্টা করছে। ২০২৩ সালের আগে আঙ্কারার প্রভাব ক্রমশ কমছিল। আরব বসন্তের পর দীর্ঘ বছরের কূটনৈতিক বিচ্ছিন্নতা কাটিয়ে দেশটি কেবলই বড় আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক মেরামত করতে শুরু করেছিল।
কিন্তু গত কয়েক বছরে সিরিয়ায় নিজেদের নীতি ও আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে তুরস্ক যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় করে নিয়েছে।
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যে সশস্ত্র গোষ্ঠীটি তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে কয়েক দশক ধরে বিদ্রোহ চালিয়ে আসছে, তাদের সঙ্গে শান্তিপ্রক্রিয়া শুরু করে তুরস্ক ঘরের মাঠ সুরক্ষিত করেছিল। সর্বশেষ, গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক মিলিয়ে ‘মক্কা প্রতিরক্ষা জোট’ স্বাক্ষর করেছে।
এই যৌথ নিরাপত্তা চুক্তিটি তুরস্কের আঞ্চলিক অবস্থানকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং হুতিদের সঙ্গে সৌদি আরবের যুদ্ধে তুরস্ককে সরাসরি জড়িয়ে ফেলেছে।
৭ অক্টোবর-পরবর্তী তুরস্কের এই কৌশল দেশটিকে আবারও আঞ্চলিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে এটি তার বৃহত্তর লক্ষ্য—অর্থাৎ নিজের শর্তে আঞ্চলিক শৃঙ্খলা প্রতিষ্ঠা—পূরণে সক্ষম নয়।
আঞ্চলিক নেতৃত্বের জন্য তুরস্কের সবচেয়ে উচ্চাভিলাষী পদক্ষেপগুলো অকার্যকর, এমনকি আত্মঘাতীও প্রমাণিত হতে পারে।
বৃহত্তর মধ্যপ্রাচ্যের শৃঙ্খলা নিজের মতো করে সাজানোর চেষ্টা তুরস্ক এই প্রথম করছে না। ২০১০-এর দশকের শুরুতে আরব গণ-অভ্যুত্থানকে আঙ্কারা একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখেছিল। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) এই রাজনৈতিক রূপান্তরকে ‘জনগণের ক্ষমতায় আরোহণ’ হিসেবে অভিহিত করেছিল।
তুর্কি সরকারের প্রত্যাশা ছিল, বিক্ষোভে উত্তাল আরব দেশগুলোতে নির্বাচনের মাধ্যমে মুসলিম ব্রাদারহুড-সমর্থিত দলগুলো ক্ষমতায় আসবে, যাদের সঙ্গে একেপির আদর্শিক মিল এবং বাস্তবিক যোগাযোগ ছিল। তাদের ধারণা ছিল, এমন মিত্র সরকার গঠিত হলে অঞ্চলটিতে তুরস্কের প্রভাব বাড়বে।
তবে সেই আশা দ্রুতই ম্লান হয়ে যায়। ২০১৩ সালে মিসরের মুসলিম ব্রাদারহুড-সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হন এবং বাশার আল-আসাদ ক্ষমতায় টিকে থাকায় সিরিয়ার বিরোধী আন্দোলনের ওপর তুরস্কের বাজি ব্যর্থ হয়। তুরস্ক একঘরে হয়ে পড়ে। মিসর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে গঠিত একটি প্রতিদ্বন্দ্বী অক্ষ আঙ্কারার প্রভাব সীমিত করার চেষ্টা চালায়।
এই গোষ্ঠীটি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, পূর্ব ভূমধ্যসাগর এবং হর্ন অব আফ্রিকায় তুরস্কের অবস্থানের বিরোধিতা করে এবং কার্যত লিবিয়া, সোমালিয়া ও সিরিয়ার সংঘাতে তুরস্কের বিরুদ্ধে ছায়াযুদ্ধে লিপ্ত হয়।
এরপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা আরেক দফা অস্থিরতার সূচনা করে। তার পর থেকে ঘটে যাওয়া কিছু পরিবর্তন তুরস্কের অনুকূলে গেছে। এর মধ্যে প্রধান হলো ২০২৪ সালের ডিসেম্বরে হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বাধীন বিরোধী গোষ্ঠীগুলোর হাতে সিরিয়ায় আসাদ সরকারের পতন।
দামেস্কে সরকার পরিবর্তনের লক্ষ্যে তুরস্ক সম্ভবত অন্য যেকোনো দেশের চেয়ে বেশি বিনিয়োগ করেছিল; বছরের পর বছর ধরে তারা বিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তা দিয়ে এসেছে।
যদিও একসময় সেই লক্ষ্য অসম্ভব বলে মনে হচ্ছিল। অঞ্চলের অন্য বড় শক্তিগুলো আসাদের টিকে থাকাকে মেনে নিয়েছিল, এমনকি বিচ্ছিন্ন হয়ে পড়ার ভয়ে আঙ্কারাও আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা ভাবছিল। কিন্তু আসাদের পতন রাতারাতি তুরস্কের ভাগ্য বদলে দেয় এবং এক দশকের বেশি সময়ের মধ্যে সিরিয়ায় তাদের সর্বোচ্চ প্রভাব ফিরিয়ে আনে।
অন্য কিছু ঘটনাপ্রবাহ আঙ্কারার জন্য আরও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। ৭ অক্টোবরের পর ইসরায়েলের পররাষ্ট্রনীতি আরও আগ্রাসী ও পরিবর্তনকামী হয়ে উঠেছে। তাদের সম্প্রসারণবাদী নিরাপত্তা লক্ষ্যগুলো তুরস্কের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়েছে। গাজায় ইসরায়েলি নীতির বিরুদ্ধে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের তীব্র সমালোচনা দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটায়।
আসাদ-পরবর্তী সিরিয়ায় তুরস্ক তার অবস্থান বিস্তৃত করলে ইসরায়েল সেখানে আঙ্কারার সামরিক উপস্থিতিকে সরাসরি হুমকি হিসেবে দেখতে শুরু করে, যা সম্পর্কের আরও অবনতি ঘটায়। ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রাখায়—যার নিন্দা জানিয়েছে আঙ্কারা—সংঘাত বৃদ্ধির ঝুঁকি কেবলই বাড়ছে।
এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ তুরস্কের জন্য উভয় সংকট তৈরি করেছে। তেহরানের মনোযোগ অন্যদিকে সরে যাওয়ায় সিরিয়া থেকে ইরানের পিছু হটা এবং ইরাকে তাদের অবশিষ্ট প্রভাব কমানোর সুযোগ পেয়ে আঙ্কারা খুশি।
তবু ইরানি শাসনের পতন হলে তুরস্কের পূর্ব সীমান্তে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আশঙ্কা আঙ্কারায় প্রকৃত উদ্বেগের জন্ম দিয়েছে। আবার যুদ্ধ থেকে ইরানি শাসন অক্ষত অবস্থায় বেরিয়ে এলে তারা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে, এই আশঙ্কাও তাদের ভাবাচ্ছে।
এই জটিল পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তাস্বার্থ রক্ষা এবং চলমান অস্থিরতা থেকে সৃষ্ট সুযোগগুলো কাজে লাগাতে আঙ্কারা ত্রিমুখী কৌশল গ্রহণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে এরদোয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন এবং ওয়াশিংটনের সঙ্গে নিজের সম্পর্ককে কাজে লাগিয়ে আঙ্কারার আঞ্চলিক নীতি এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
পাশাপাশি ২০২০-এর দশকের শুরুতে সৌদি আরব, মিসর ও অন্যান্য প্রধান আরব দেশের সঙ্গে সম্পর্ক মেরামতের যে প্রচেষ্টা শুরু হয়েছিল, তার ওপর ভিত্তি করে একটি বৃহত্তর আঞ্চলিক জোট গঠনের লক্ষ্যে তুরস্ক সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।
অভ্যন্তরীণভাবে তুরস্কের ভেতরে ও বাইরে পিকেকের সঙ্গে সংঘাত নিরসনের লক্ষ্যে আঙ্কারা ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ প্রক্রিয়া শুরু করেছে, কারণ, তুরস্কের প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্র ও রাজনৈতিক সমর্থন দিয়ে এই সংঘাতকে কাজে লাগিয়েছে।
আঙ্কারার কিছু নীতি সফলও হয়েছে। ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের ঘনিষ্ঠ সম্পর্ক সিরিয়ায় তুরস্কের বর্ধিত ভূমিকাকে যুক্তরাষ্ট্রের সমর্থন পেতে সাহায্য করেছে। ২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতার জন্য ওয়াশিংটন যে চারটি দেশকে যুক্ত করেছিল, তুরস্ক ছিল তার অন্যতম। এর ফলে গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্টের তথাকথিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদে এরদোয়ানকে আসন দেওয়ার প্রস্তাব দেন ট্রাম্প এবং এরদোয়ান তা গ্রহণ করেন।
সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাতেও তুরস্ক সক্রিয় ভূমিকা পালন করেছে। এ ছাড়া ট্রাম্প প্রকাশ্যে মক্কা প্রতিরক্ষা জোটকে ‘বৃহৎ, সাহসী ও গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে সমর্থন জানিয়েছেন।
তা সত্ত্বেও, প্রভাব বিস্তারের ক্ষেত্রে তুরস্কের এই অভিযাত্রার স্পষ্ট সীমাবদ্ধতা রয়েছে। যেমন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বোর্ড অব পিসের এক সম্মেলনে গাজায় পরিকল্পিত আন্তর্জাতিক সেনা মোতায়েন ও পুলিশ প্রশিক্ষণে তুরস্ককে অংশগ্রহণ থেকে বাদ দেওয়া হয়। এটি প্রমাণ করে যে ফিলিস্তিন ভূখণ্ডে তুর্কি সামরিক উপস্থিতির বিষয়ে ইসরায়েলের আপত্তি উপেক্ষা করার জন্য ওয়াশিংটনের সঙ্গে উষ্ণ সম্পর্কই যথেষ্ট ছিল না।
আঞ্চলিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা থেকেও তুরস্কের মিশ্র ফল এসেছে। সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করা নিঃসন্দেহে তুরস্কের স্বার্থের অনুকূলে।
কিন্তু এই দেশগুলোর সঙ্গে আঙ্কারা যেসব সামরিক জোটে জড়াচ্ছে, তা তুরস্ক এবং পুরো অঞ্চলকে নিরাপদ করার বদলে আরও অনিরাপদ করে তোলার ঝুঁকি তৈরি করছে। পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে মক্কা চুক্তি শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী জোটগুলোকে আরও কঠোর অবস্থানে নিয়ে যেতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিতে পারে।
অধিকন্তু, এই চুক্তি তুরস্ককে অন্য দেশের যুদ্ধে টেনে আনতে পারে। তুর্কি পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন করার পর এবং হুতিরা সৌদি আরবের ওপর হামলা বাড়িয়ে দেওয়ায় সেই আশঙ্কা এখন বাস্তব রূপ নিতে চলেছে। তুর্কি সরকার দাবি করেছে যে তাদের যেকোনো সামরিক সহায়তা কেবল প্রতিরোধব্যবস্থা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষাশিল্প সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
একটি আঞ্চলিক নিরাপত্তাকাঠামো অবশ্যই প্রয়োজন; কিন্তু সমস্যা হলো, তুরস্কসহ অঞ্চলের কোনো দেশেরই বাকিদের ওপর কোনো নিরাপত্তা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার ক্ষমতা নেই। তাই যখনই কেউ সেই চেষ্টা করে, অন্য দেশগুলো নিজেদের অনিরাপদ মনে করে।
এর চেয়ে বরং অঞ্চলের সব দেশের জন্য উন্মুক্ত এমন একটি অনানুষ্ঠানিক সহযোগিতাকাঠামো অনেক বেশি কার্যকর হতে পারে। কিন্তু এমন একটি জোট গঠন ও পরিচালনার জন্য যে পারস্পরিক আস্থার প্রয়োজন, এই অঞ্চলের সরকারগুলোর মধ্যে তা নেই।
আঙ্কারার সবচেয়ে শক্তিশালী তাসগুলো রয়েছে তার ঘরের কাছাকাছিই। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পিকেকের কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালান সশস্ত্র গোষ্ঠীটিকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানোর পর থেকে কুর্দি শান্তিপ্রক্রিয়া ধীরগতিতে এগোলেও এতে বাস্তব অগ্রগতি হয়েছে। ২০২৫ সালের মে মাসে পিকেকে নিজেদের বিলুপ্ত করার ঘোষণা দেয়।
সিরিয়ায় কুর্দি বাহিনীগুলোকে সিরীয় সেনাবাহিনীর সঙ্গে একীভূত করা হচ্ছে এবং পিকেকে-সংশ্লিষ্ট কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ইউনিটসের (ওয়াইপিজি) কমান্ডার মাজলুম আবদিকে আগস্টে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সিরিয়ার সংঘাত-পরবর্তী রূপান্তর এখনো ভঙ্গুর, আর দামেস্ক ও উত্তর-পূর্বাঞ্চলের কুর্দি যোদ্ধাদের মধ্যকার এই সমঝোতার পেছনে পিকেকের সঙ্গে তুরস্কের অভ্যন্তরীণ শান্তিপ্রচেষ্টার পাশাপাশি মার্কিন চাপেরও বড় ভূমিকা থাকতে পারে।
তবে তুরস্কের জন্য, সিরীয় রাষ্ট্রের সঙ্গে সিরীয় কুর্দি বাহিনীর এই চূড়ান্ত একীভূতকরণ তার দক্ষিণ সীমান্তে একটি স্বায়ত্তশাসিত ও সশস্ত্র কুর্দি সত্তা থাকার যে ঝুঁকি আঙ্কারা দেখত, তা দূর করেছে।
তুরস্কের আঞ্চলিক নীতি তখনই সবচেয়ে সফল হয়, যখন দেশটি তার নিজের শক্তির জায়গাগুলো কাজে লাগায়—পুরো অঞ্চলে দাপট দেখানোর চেষ্টা করে নয়। একবিংশ শতাব্দীর প্রথম দশকে আঙ্কারা সিরিয়া ও ইসরায়েল এবং ফিলিস্তিনি উপদলগুলোর মধ্যে মধ্যস্থতা করে, লেভান্ট অঞ্চলে অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়িয়ে এবং অঞ্চলের জ্বালানি ও পরিবহন অবকাঠামো সংযুক্ত করার প্রকল্প প্রস্তাব করে প্রকৃত প্রভাব তৈরি করেছিল।
অন্যদিকে সামরিক শক্তি তখনই সবচেয়ে কার্যকর প্রমাণিত হয়েছে, যখন তা সুনির্দিষ্ট উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, যেমন সিরিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষিত করা। এই সমন্বয়ই হলো তুরস্কের সাফল্যের মূলমন্ত্র: প্রভাব বিস্তারের জন্য কূটনীতি ও অর্থনৈতিক যোগাযোগ, আর মূল স্বার্থ রক্ষায় সীমিত সামরিক শক্তির ব্যবহার।
আজকের দিনে আরও কার্যকর এই সূত্র মেনে চলার অর্থ আঞ্চলিক রাজনীতি থেকে পিছু হটা নয়; এর অর্থ হলো অগ্রাধিকার নির্ধারণ করা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা। কুর্দি শান্তিপ্রক্রিয়াকে সুসংহত করা, সিরিয়ার স্থিতিশীলতায় ওয়াশিংটনকে সম্পৃক্ত রাখা, সিরিয়ায় ইসরায়েলের সঙ্গে সংঘাতের ঝুঁকি সামলানো এবং উত্তর ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকার ও বাগদাদের ইরাকি সরকারের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা—এগুলোই তুরস্কের সীমান্ত নিরাপদ রাখার চাবিকাঠি এবং এগুলো অর্জন করা তুরস্কের সাধ্যের মধ্যেই রয়েছে।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধ এবং প্রতিদ্বন্দ্বী জোটগুলোর কারণে অতীতের তুলনায় আজ তুরস্কের পক্ষে একটি সীমিত ও সংযত নিরাপত্তানীতি বজায় রাখা কঠিন হতে পারে।
অস্থির এই প্রতিবেশী অঞ্চলে আঙ্কারার স্বার্থ রক্ষা করা এবং গঠনমূলক ভূমিকা পালন করার জন্য অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্যের প্রয়োজন হবে। আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখার ক্ষেত্রে তুরস্কের জন্য সবচেয়ে ভালো পথ হতে পারে অতিরিক্ত কিছু করার চেষ্টা থেকে বিরত থাকা।
মেলিহা বেনলি আলতুনিসিক মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। ফরেন অ্যাফেয়ার্স থেকে সংক্ষেপে অনূদিত।