বিশ্বমঞ্চে সৌন্দর্যের পাশাপাশি এবার ভালোবাসা, মমতা আর শিকড়ের গল্প শোনাতে চান বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। মিস ইউনিভার্সের মঞ্চে তার পোশাকে ফুটে উঠবে মা ও সন্তানের চিরন্তন সম্পর্কের প্রতিচ্ছবি। শাড়িকে কেন্দ্র করে সাজানো হয়েছে তার বিশেষ পোশাক, যার মূল ভাবনা মাতৃত্ব ও মাতৃভূমির প্রতি ভালোবাসা।
৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহির ন্যাশনাল কস্টিউমের থিম ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ (মাতৃত্ব-ভালোবাসার এক সর্বজনীন বন্ধন)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের পোশাকের থিম ও ভাবনা প্রকাশ করেছেন তিনি।
পোশাকের দর্শন তুলে ধরে মাহি লেখেন, ‘পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা আমাদের আগলে রাখে, তার নাম মা। আর যে মাটির বুকে আমরা বেড়ে উঠি, যে মাটি আমাদের দেয় শিকড় ও পরিচয়, তার নাম মাতৃভূমি।’
বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই পোশাক পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতি শ্রদ্ধার্ঘ্য বলে জানিয়েছেন মাহি। তার মতে, মা ও সন্তানের সম্পর্কের মধ্যে রয়েছে জন্মের বিস্ময়, সীমাহীন মমতা, নীরব ত্যাগ এবং আজীবন আগলে রাখার প্রতিশ্রুতি। পোশাকের প্রতিটি নকশা ও প্রতীকের মধ্য দিয়ে সেই আবেগকেই তুলে ধরতে চান তিনি।
মাহির প্রত্যাশা, মাতৃত্বের এই গল্প কোনো নির্দিষ্ট দেশ বা সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমানা পেরিয়ে পৃথিবীর প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছাবে তার এই উপস্থাপনা। তার কাছে ন্যাশনাল কস্টিউম কেবল সৌন্দর্য প্রদর্শনের পোশাক নয়, বরং মা, মাতৃত্ব ও জন্মভূমির প্রতি ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম।
মাহির পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র ৪০ মিনিটের মধ্যে দুই হাজারের বেশি প্রতিক্রিয়া এবং দেড় শতাধিক মন্তব্য জমা পড়ে। অনেকেই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া এই প্রতিযোগীকে শুভকামনা জানিয়েছেন।
অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু সামিরা খান মাহির। মাঝপথে অসুস্থতার কারণে কাজ থেকে বিরতি নিতে হলেও পরে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আবারও দর্শকের নজরে আসেন তিনি। এবার অভিনয়ের পরিচয় ছাপিয়ে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরার অপেক্ষায় এই অভিনেত্রী।
আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত মাহি। তবে প্রস্তুতির জন্য সময় কম পাওয়ায় রোমাঞ্চের পাশাপাশি কিছুটা উদ্বেগও কাজ করছে বলে প্রতিযোগিতায় যাওয়ার আগে জানিয়েছিলেন তিনি।