মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাহরাইনে। দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলায় আগুন লেগেছে বলে জানিয়েছে বাহরাইন।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার গভীর রাতে ইরানের বেশ কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হামলাকে ‘ইরানি আগ্রাসনের’ অংশ বলে উল্লেখ করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্যে স্থাপনার ক্ষয়ক্ষতির কথা জানা গেলেও কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা দল।
তবে হামলার শিকার স্থাপনাটির নাম কিংবা অবস্থান প্রকাশ করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। এ সময় কোনো নির্দিষ্ট হুমকির কথা না জানিয়ে বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায় মন্ত্রণালয়।
হামলার পর দেওয়া এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, বাহরাইনে অবস্থিত আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে অভিযান চালিয়েছে তারা।
আইআরজিসির দাবি, ওই দুই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুটি রাডার ধ্বংস করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘ইরানের আকাশসীমায় অব্যাহত আগ্রাসন ও লঙ্ঘনের জবাবে’ এ হামলা চালানো হয়েছে।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ মডেলের দুটি গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ওই ঘাঁটিগুলোতে অভিযান চালায়।
এর আগে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছিল, বাহরাইনের শেখ ঈসা ও জুফাইর এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি। বাহিনীটির দাবি, ইরানের আকাশসীমা লঙ্ঘনের পাশাপাশি হেঙ্গাম দ্বীপে একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সিত্রা দ্বীপে আছড়ে পড়ে। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইরনা জানায়, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বারবার দেখা দেওয়া ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে বারবার হামলা চালানো হয়েছে। কয়েক সপ্তাহের বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে সেখানে তিনটি ড্রোন হামলাও হয়েছে।
যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও।
সূত্র: আলজাজিরা
বিডি প্রতিদিন/এনইউ