বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন রাডার সিস্টেমে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। অন্যদিকে বাহরাইন সরকার জানিয়েছে, তারা এই হামলা প্রতিহত করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আইআরজিসি জানিয়েছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে ‘অঞ্চলে আমেরিকান বাহিনীর শত্রুতামূলক তৎপরতা মোকাবিলার কাঠামোর মধ্যে’।
সংস্থাটি আরও জোর দিয়ে বলেছে, ‘দেশের আকাশসীমার বারবার লঙ্ঘন এবং ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক কাজের জন্য এই অঞ্চলের সামরিক ঘাঁটি ও সুবিধাদি ব্যবহার করার বিষয়টি বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না এবং এসব কাজের পরিণতির দায়িত্ব আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর কমান্ডারদের ওপরই বর্তাবে’।
এদিকে বাহরাইনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ড্রোন হামলাটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বাসিন্দারা একটি ‘সম্ভাব্য হুমকি’ সম্পর্কে সতর্কবার্তা সংবলিত মোবাইল ফোন অ্যালার্ট পেয়েছেন।
সূত্র: মিডল ইস্ট আই