ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবোঝাই একটি বাস সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজ্যের টিহরি গাড়োয়াল জেলায় ঋষিকেশ-বদরীনাথ জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও উদ্ধারকারী সূত্রের বরাতে জানা গেছে, টিহরি গাড়োয়াল জেলার গুলার বাজারের কাছে একটি সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়। বাসটি হরিদ্বার থেকে চামোলি জেলার কর্ণপ্রয়াগের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে তাঁদের। তবে খাদে নেমে বাসের ভেতরে ও আশপাশে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেন উদ্ধারকারীরা।
প্রাথমিকভাবে অন্তত ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে আশঙ্কা করা হচ্ছে। বাসের ভেতরে কিংবা খাদে আরও কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও পড়ুনআরও পড়ুনপশ্চিমবঙ্গে ‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না, বাড়িতে আনা যাবে না বন্ধু: বিজেপি নেতা
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে টিহরি গাড়োয়ালের জেলাশাসক নীতিকা খান্ডেলওয়াল ও পুলিশ সুপার শ্বেতা চৌবে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত উদ্ধারকারী দলও পাঠানো হয়েছে।
এখনও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে খাদে পড়ে গেল, তা তদন্ত করে দেখছে পুলিশ। উদ্ধার অভিযান শেষ হলে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।
উল্লেখ্য, উত্তরাখণ্ডের পাহাড়ি সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আঁকাবাঁকা রাস্তা, গভীর খাদ ও প্রতিকূল ভৌগোলিক পরিস্থিতির কারণে এসব সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ। সর্বশেষ এ দুর্ঘটনায় একসঙ্গে বহু মানুষের হতাহতের ঘটনায় আবারও উদ্বেগ তৈরি হয়েছে।