সুন্দরবনে সক্রিয় বনদস্যু ও অপহরণ চক্র নির্মূল এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলে ও বাওয়ালীরা। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে শতাধিক নৌকা নিয়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও সংহতি জানিয়ে অংশ নেন।
বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ইউনিয়ন বিএনপি নেতা মো. নুরুজ্জামান ও খায়রুল ইসলাম মিলন, যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাতসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগী জেলেরা।
সমাবেশে জেলে বাবলুর রহমান, সবুর আলী ও ওমর ফারুক অভিযোগ করেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বেড়েছে। মুক্তিপণের দাবিতে প্রতিনিয়ত জেলেদের অপহরণ করা হচ্ছে। আন্দোলনে অংশ নেওয়ায় দস্যুরা ছবি দেখে জেলেদের পরিবারের সদস্যদেরও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
জেলেরা বলেন, নিরাপত্তাহীনতার কারণে দিনের পর দিন সুন্দরবনে মাছ ধরতে যেতে পারছেন না তাঁরা। এতে উপকূলের হাজারো মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। অনেকে পরিবার নিয়ে আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। তাঁরা দ্রুত বনদস্যু দমনে অভিযান চালানো অথবা ক্ষতিগ্রস্ত জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান।
শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির বলেন, উপকূলের জেলেদের দুর্ভোগের চিত্র তুলে ধরতে দ্রুত বন ও পরিবেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার উদ্যোগ নেওয়া হবে।
বনদস্যু নির্মূল কমিটির সমন্বয়ক মো. সালাউদ্দিন লিটন বলেন, টানা নয় দিন ধরে আন্দোলন চললেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। দ্রুত কার্যকর অভিযান শুরু না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান জেলে-বাওয়ালীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বনদস্যুদের দমনে যৌথ অভিযান পরিচালনার জন্য বন বিভাগ প্রস্তুত রয়েছে।
এর আগে রবিবারও সুন্দরবনে মাছ শিকারের সময় মুক্তিপণের দাবিতে ১০ জন জেলেকে অপহরণ করে বনদস্যুরা।